ভারতকে তড়িঘড়ি ট্রানজিট দিতে চায় না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আশুগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারতকে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট দিতে তড়িঘড়ি করতে চায় না বাংলাদেশ। কারণ আশুগঞ্জ নৌবন্দরের আধুনিকায়নের পাশাপাশি প্রয়োজনীয় সড়ক অবকাঠামোর উন্নয়ন করতে হবে। ভূমি অধিগ্রহণসহ প্রক্রিয়াগত কাজে স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করার প্রয়োজনও আছে। এসব কিছু সুরাহার পর ভারতকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের সুবিধা দেওয়া হবে।নির্ভরযোগ্য সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির কাছে এ বার্তাই দিয়েছেন। বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত-বাস্তবায়ন পর্যালোচনা করতে গত শনিবার ঝটিকা সফরে ঢাকায় আসেন প্রণব মুখার্জি। এ সময় তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আশুগঞ্জ নৌবন্দর থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আখাউড়া থেকে আগরতলায় পণ্য পরিবহনের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, সড়ক ও রেল-যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করবে। তিনি জানান, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ দেবে ভারত। প্রণবের সফরের মূল প্রসঙ্গ: জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে আশুগঞ্জের প্রসঙ্গটির ওপর গুরুত্ব দেন প্রণব মুখার্জি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন, আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের প্রক্রিয়া বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতেও আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের কথা তোলেন প্রণব। এ সময় শেখ হাসিনা ভারতের অর্থমন্ত্রীকে জানিয়ে দেন, এ ব্যাপারে বাংলাদেশ তাড়াহুড়ো করতে চায় না।প্রধানমন্ত্রী তাঁর এ অবস্থানের ব্যাখ্যা করে জানান, নৌবন্দরের উন্নয়নসহ আখাউড়া থেকে আগরতলা সীমান্ত পর্যন্ত সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি। এ কাজটি করার সময় ওই এলাকার আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। পুরো কাজের সঙ্গে যুক্ত করতে হবে স্থানীয় লোকজনকে। কাজটি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে ব্যাপারে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ত্রিপুরায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আশুগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারী পণ্য পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত হয়, আশুগঞ্জ নৌবন্দরের আধুনিকায়নে প্রয়োজনীয় বিনিয়োগ করবে ভারত। জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর ভারতকে ব্যবহারের ব্যাপারে পররাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করার পক্ষে মত দেন।পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল তাঁর দপ্তরে সাংবাদিকদের জানান, জানুয়ারিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া যথেষ্ট সন্তোষজনক পর্যায়ে আছে। প্রণব মুখার্জি জানিয়েছেন, ভারত বাংলাবান্ধা দিয়ে নেপালের পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকতে দেবে। একই সুবিধা বাংলাদেশের ট্রাকগুলো পাবে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, নেপালের ট্রাক যেমন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসবে, তেমনি বাংলাদেশের পণ্যবাহী ট্রাকও ওই পথ দিয়ে নেপাল ও ভুটানে যাবে। এ ব্যাপারে কত দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়, সে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বছরের মধ্যেই সম্মতপত্র সই করার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানান তিনি। ১০০ কোটি ডলারের ঋণসহায়তায় সড়ক ও রেল সংযোগ স্থাপনের পর ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে যোগাযোগ স্থাপন করতে পারবে বলে সাংবাদিকদের জানান দীপু মনি। তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। পুরো অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের পর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবে ভারত।’ প্রশ্নের উত্তরে তিনি জানান, তিস্তার পানি বণ্টন নিয়ে আগামী বছরের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সই হতে পারে। এ ব্যাপারে কয়েক মাসের মধ্যে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক হবে।ঋণসহায়তা চুক্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘ঋণের টাকায় নেওয়া প্রকল্পগুলো আমাদের যেমন কাজে লাগবে, তেমনি ভারতের কাজেও লাগবে। ওই প্রকল্পগুলোর ফলে শুধু ভারতের লাভ হবে, আমাদের হবে না—এই মানসিকতা থেকে বের হতে না পারলে আমাদের আসলেই কোনো লাভ হবে না।’পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পছন্দেই ঋণসহায়তার আওতায় প্রকল্পগুলো নেওয়া হয়েছে। বিশেষ ছাড়ে ওই ঋণ পাওয়া গেছে। সামগ্রিকভাবে ওই টাকায় বাংলাদেশের চাহিদা ভালোভাবে মেটানো যাবে।বিরোধী দল বিএনপি ওই ঋণসহায়তা নেওয়ার বিরোধিতা করায় পররাষ্ট্রমন্ত্রী এর সমালোচনা করেন। তিনি বলেন, বিরোধী দলের এক সাংসদ নিজে একসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কাজ করার পরও যে বক্তব্য রেখেছেন, তা বোধগম্য নয়। বিরোধী দল যা বলছে, তা বিভ্রান্তি ছড়ানোর ঘৃণ্য অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।