ভারতজুড়ে বনধ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি কাটছাঁট, কয়লা কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতি ও খুচরা ব্যবসায় বিদেশি পুঁজি বিনিয়োগের অনুমতি দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভারতজুড়ে বনধ পালিত হচ্ছে।একই দাবিতে পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিরোধী বামফ্রন্ট।অন্যদিকে একই দাবিতে বিজেপির নেতৃত্বাধীন ভারতের বিরোধীদলীয় জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) ডাকে সকাল ছয়টা থেকে ভারতজুড়ে চলছে বনধ।পশ্চিমবঙ্গে অবশ্য ১০ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। পশ্চিমবঙ্গে এই বনধের বিরোধিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস।পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবার, জৌগ্রাম, ব্যান্ডেল, কাটেয়া, বৈদ্যবাটিতে বামফ্রন্টের সদস্য ও কর্মীরা রেলস্টেশন অবরোধ করেছেন। ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। কলকাতা নগরের পথে সরকারি বাস চলাচল করতে দেখা গেলেও বেসরকারি বাস চলাচল কম।ভাড়া বৃদ্ধির দাবিতে ট্যাক্সিচালকেরা আজ তিন দিনের ধর্মঘট শুরু করেছেন।সকালে হাওড়ার কিংস রোডে বিজেপির মিছিলে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বাগুইহাটিতে বিজেপির মিছিলে হামলা হয়েছে বলে জানা যায়। এই মিছিল থেকে ২০ জনকে আটক করা হয়। নৈহাটি ও খড়দহ স্টেশনে বামফ্রন্টের মিছিলে হামলা হয়েছে। খড়দহে আহত হন সাতজন। পশ্চিমবঙ্গের শিল্প কারখানায়ও অন্যদিনের চেয়ে শ্রমিকদের উপস্থিতি কম। চা-বাগানে শ্রমিকদের হাজিরা কম। স্কুল-কলেজ বন্ধ রয়েছে।তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুপস্থিত সরকারি কর্মচারীদের এক দিনের বেতন কাটা হবে। স্কুল-কলেজে শিক্ষকদের হাজির থাকারও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।