ভারতনীতি থেকে সরে আসেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত প্রশ্নে প্রধান বিরোধী দল বিএনপি তাদের নীতি থেকে সরে আসেনি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি তাদের নীতি থেকে সরে আসেনি। আগের অবস্থানেই আছে।’বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভারত সফর শেষে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তরিকুল ইসলাম। খালেদা জিয়ার সাম্প্রতিক ভারত সফরের বিভিন্ন দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে তরিকুল ইসলাম দাবি করেন, বিএনপি কখনো ভারতের বিরোধিতা করেনি। জাতীয় স্বার্থের কথা বলেছে। তিনি বলেন, ‘আমরা জাতীয় স্বার্থের কথা বলি। অধিকার ন্যায্যভাবে তুলে ধরার চেষ্টা করি।’ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত্ না হওয়ার পরও এ সফরকে সফল বলা যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে এ সফর হয়েছে। সোনিয়া গান্ধীর নির্দেশ বা ইচ্ছা ছাড়া এ সফর হয়নি। তিনি গুজরাটের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত্ হয়নি। আর সাক্ষাতের কোনো পূর্বনির্ধারিত সময়-সূচিও ছিল না।’ তরিকুল ইসলাম জানান, ভারতের সঙ্গে শিগগির তিস্তা চুক্তি হবে এবং বাংলাদেশ তাদের ন্যায্য হিস্যা পাবে বলে আশা করছে বিএনপি। তিনি বলেন, ভারত সফরকালে বিএনপির চেয়ারপারসন জনগণের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যাগুলো তুলে ধরেছেন এবং আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তিস্তা নদীর পানি ভাগাভাগির বিষয়ে অবিলম্বে একটি ফয়সালা চেয়েছেন খালেদা জিয়া। ভারত এতে সম্মত হয়েছে। ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এ বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নেবেন বলেও খালেদা জিয়াকে কথা দিয়েছেন। তরিকুল ইসলাম বলেন, সীমান্তে হত্যা ও নির্যাতন পুরোপুরি বন্ধের আহ্বান জানালে ভারতীয় নেতারা তাতে একমত পোষণ করেন। এ বিষয়ে অবিলম্বে যৌথ কার্যকর ব্যবস্থা উদ্ভাবন ও প্রয়োগ করা হবে বলেও তাঁরা কথা দিয়েছেন। পারস্পরিক আস্থা, অবিশ্বাস, সন্দেহ দূর করে সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে।