ভারতপন্থী ভাবমূর্তি আ.লীগের বোঝা
আওয়ামী লীগ বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠিত দল। এই দলের ব্যাপক ভারতপন্থী ভাবমূর্তি রয়েছে। এই ভাবমূর্তিকে দলটির রাজনৈতিক বোঝা হিসেবে চিহ্নিত করেছে সিআইএ। ১৯৮২ সালে জেনারেল এরশাদের ক্ষমতা গ্রহণের সাত মাস পর প্রস্তুত হ্যান্ডবুকে তারা ‘আওয়ামী লীগ (হাসিনা)’ হিসেবে দলটির মূল্যায়ন করেছে। এই হ্যান্ডবুকের ১৯ পৃষ্ঠায় পঁচাত্তরের অভ্যুত্থান সম্পর্কে মন্তব্য: ‘১৯৭৫ সালের আগস্টে একটি দুর্নীতিগ্রস্ত, অকার্যকর ও সহিংসতাপ্রবণ হয়ে ওঠা সরকারের যবনিকাপাত ঘটাতে সংকল্পবদ্ধ তরুণ সেনা কর্মকর্তাদের পরিচালিত অভ্যুত্থানে মুজিব নিহত হন।’ বঙ্গবন্ধু মুজিব হত্যাকাণ্ড সম্পর্কে সিআইএর নির্দিষ্ট মূল্যায়ন সম্ভবত এই প্রথম জানা গেল। মুজিব হত্যায় সিআইএর ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। সিআইএ তার একাধিক প্রতিবেদনে আওয়ামী লীগকে একটি ভারতপন্থী দল হিসেবে চিহ্নিত করেছে। ১৯৮৫ সালের এক প্রতিবেদনে শেখ হাসিনা-সম্পর্কিত কয়েকটি বাক্য মুছে দেওয়া হলেও আওয়ামী লীগকে ‘ভারতপন্থী’ হিসেবে উল্লেখ করা বাক্যটি মুছে ফেলা হয়নি। প্রথম আলোর হাতে আসা এরশাদ শাসনামলকে কোনো না কোনোভাবে স্পর্শ করা ২০টি গোপন প্রতিবেদনের মধ্যে বাংলাদেশের রাজনীতির চুলচেরা বিশ্লেষণ এসেছে ওই হ্যান্ডবুকে। ২০১১ সালের ১২ জানুয়ারি এটি অবমুক্তির জন্য অনুমোদিত হয়েছে। এর ২৫ পৃষ্ঠায় বিএনপি সম্পর্কে বলতে গিয়ে বেগম জিয়ার প্রসঙ্গ আসেনি। বলা হয়েছিল, উপদলীয় কোন্দল ঠেকাতে বিএনপির সম্ভাব্য নেতা হতে পারেন জেনারেল নুরুল ইসলাম শিশু। তিনি এরশাদকে সমর্থন করতে পারেন যদি এরশাদ শাসক দল হিসেবে সংস্কার হওয়া বিএনপিকে মেনে নেন। এরপর আওয়ামী লীগ (হাসিনা) সম্পর্কে বলা হয়, ‘এই দল সবচেয়ে সংগঠিত। এর তহবিলের তুলনামূলক ভালো জোগান তাকে বেশ আর্থিক শক্তি দিচ্ছে। কিন্তু এর বড় অংশের জোগান বহুবিধ উপায়ে আসে এবং ভারতের মতো প্রায় বিতর্কিত উৎসগুলো থেকে তা এসে থাকে। আর ভারতের সঙ্গে সম্বন্ধীকরণ আওয়ামী লীগের জন্য একটা রাজনৈতিক বোঝা।’মতবিভেদ: সিআইএ প্রতিবেদন বলেছে, ‘যদিও আওয়ামী লীগ উদারপন্থী ও চরমপন্থী এই মতবিভেদে বিভক্ত কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তারাই শ্রেষ্ঠ সংগঠিত দল। মুসলিম লীগ থেকে যারা বেরিয়ে গিয়েছিলেন তাঁরা ১৯৪৯ সালে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগই প্রথম বাঙালি জাতীয়তাবাদী দল হিসেবে আত্মপ্রকাশ করে। অবশ্য পশ্চিম পাকিস্তানেও তাদের অল্পসংখ্যক অনুসারী ছিলেন। বাঙালির স্বাধীনতার দল হিসেবে তার যে আবেদন সেটাই তার শক্তির বড় উৎস। তার মধ্যবামপন্থী আদর্শগত অবস্থান বিপুলসংখ্যক তরুণকে আকৃষ্ট করে।’হাসিনার ফেরা: নিহত শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা ১৯৮১ সালের মে মাসে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিলে দলটি চাঙা হয়। সমালোচকেরা অপরাধ ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা এবং শেখ মুজিবের এক ব্যক্তির শাসনের ফলে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতি এবং দলটির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে উচ্চকিত থাকেন। সমালোচকেরা বলে থাকেন, শেখ হাসিনা একজন ভারতীয় ক্রীড়ানক।’ সোভিয়েত ‘নাশকতা’: সিআইএ তার বিভিন্ন প্রতিবেদনে আওয়ামী লীগের সঙ্গে সোভিয়েত-সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা করেছে। ১৯৮৫ সালের ১ ফেব্রুয়ারি সিআইএর এক প্রতিবেদনে নির্দিষ্টভাবে ‘বাংলাদেশে সোভিয়েত নাশকতামূলক কার্যক্রম’ বিষয়ে আলোচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকায় সোভিয়েতের বৃহত্তম মিশন ছিল। কূটনীতিক ছিলেন ৬০ জনের বেশি। এই মিশনে তাদের বাছাই করা প্রায় ১০০ বাংলাদেশি কাজ করতেন। শ্রমিক ও ছাত্রদের উসকানি দেওয়া ছিল সোভিয়েত দূতাবাসের আসল মন্ত্র। ১৯৮৪ সালের ডিসেম্বরে সোভিয়েতপন্থী দল সিপিবি ঢাকার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে অপবাদ রটনার সিদ্ধান্ত নিয়েছিল।১৯৮৪ সালের সেপ্টেম্বর থেকে ১৯৮৭ সালের জুলাই পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন হাওয়ার্ড বি শেফার। ওই প্রতিবেদন বলেছে, ওই সময় রাষ্ট্রদূতের সঙ্গে একজন রক্ষণশীল রাজনীতিকের বৈঠক অনুষ্ঠানকে বামপন্থী পত্রিকাগুলো ব্যবহার করেছিল। তারা অভিযোগ করেছিল, এরশাদের গদি রক্ষায় মার্কিনিরা একটি দক্ষিণপন্থী জোট গড়তে মদদ দিচ্ছে। একইভাবে ১৯৮৫ সালের জানুয়ারিতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছালে বামপন্থীরা প্রতিবাদ করে। তারা অভিযোগ করে, ভবিষ্যতে মার্কিন নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে নিয়মিতভাবে আসবে। সোভিয়েতরা বাংলাদেশের চলতি অচলাবস্থা প্রলম্বিত করতে ও এরশাদ যাতে তাঁর অবস্থান মজবুত করতে না পারে সে জন্য সক্রিয় রয়েছে। এরশাদ-হাসিনার ব্যক্তিগত বৈঠক বানচাল করতেই চুরাশির ডিসেম্বরে সিপিবি দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল। তারা সাধারণ নির্বাচন স্থগিত করাতে চেয়েছে, যাতে তারা ১৫ দলে তাদের প্রভাব বাড়াতে পারে।’বহিষ্কার: ‘নিরানন্দ ঢাকা’ উপশিরোনামে পঁচাশির ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘বামপন্থীদের প্রতি সমর্থন প্রদানের কারণে মস্কোর প্রতি ঢাকার অসন্তুষ্টি তাই বিস্ময়কর নয়। সোভিয়েতরা অবশ্য আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। কারণ এই দলটির উপস্থিতি মস্কো ও দিল্লি উভয়ের জন্য স্বস্তির। ১৯৮৩ সালে বামপন্থী তৎপরতা বেড়ে যাওয়ায় এরশাদ ওই বছরের ডিসেম্বরে ১৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেন। সেই থেকে তারা ঢাকার মন জোগাতে তাদের উপপ্রধানমন্ত্রীর সফর করানো, নতুন রাষ্ট্রদূত হিসেবে ভ্লাদিমির বেলিয়েভকে নিয়োগ ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বসানোর মতো নানা যৌথ প্রকল্পের উদ্যোগ নেয়। কিন্তু এসব সত্ত্বেও এরশাদ ও তাঁর উপদেষ্টারা মস্কোর প্রতি শীতল মনোভাব দেখান। পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষায় এরশাদ অবশ্য নিরপেক্ষ থাকতে সচেষ্ট ছিলেন।’ অন্যান্য দল: সিআইএ জাসদকে বাংলাদেশের মুখ্য চরম বামপন্থী রাজনৈতিক দল হিসেবে বর্ণনা করে। দলটির আর্থিকভাবে অসমর্থ। আদর্শগতভাবে বিভক্ত। তাদের মূল বিতর্কের বিষয়, আওয়ামী লীগকে সহযোগিতায় অধিকতর উদারনৈতিক অবস্থান গ্রহণ নাকি অবিলম্বে বিপ্লবে ঝাঁপিয়ে পড়া। সেনাবাহিনীতে তাদের একটি ক্ষুদ্র অনুসারী অংশ থাকতে পারে। সিপাইদের মন জোগাতে তারাই সবচেয়ে সক্রিয় দল। তারা প্রকাশ্যে যতটা ভেতরে তার চেয়ে অনেক বেশি চরমভাবাপন্ন। তাদের সদস্যদের কখনো ‘রাজনৈতিক পতিতা’ বলা হয়ে থাকে। কারণ, তারা সুযোগ বুঝে আপস করে ফেলে। অবশ্য এটাই বাঙালি রজানীতিবিদদের সুপরিচিত চারিত্রিক বৈশিষ্ট্য।দ্বিতীয় পরিচয়: সিআইএ বলেছে, ‘মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্ব্বেও বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এ দেশে যাঁরা ইসলাম নিয়ে রাজনীতি করেন, তাঁদের প্রথম পরিচয় রাজনীতিক। দ্বিতীয় পরিচয় ধর্মীয় নেতা।’ মুসলিম লীগ সম্পর্কে তাঁদের মন্তব্য: এরা রক্ষণশীল তবে প্রতিক্রিয়াশীল নয়। মুখে ইসলামি রাষ্ট্রের কথা বললেও তাদের নীতি সেই লক্ষ্যে মোটেই পরিচালিত নয়। তারা মৌলবাদী নয়।জামায়াত সম্পর্কে বলা হয়, রাজনৈতিক বলয়ে এই দলটির অবস্থান হলো চরম ডান। ১৯৪১ সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত জামায়াত ১৯৭১ সালের গৃহযুদ্ধে পাকিস্তানের পক্ষ নেয়। জামায়াত একটি গণতান্ত্রিক কিন্তু কঠোর ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায়। কঠোর নিয়ম অনুসরণ করতে হয় বলে এই দলের সদস্যসংখ্যা কম। জামায়াতকে ঘিরে বড় বিতর্ক হচ্ছে তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার বিরোধিতা করেছিল। ১৯৮১ সালের গোড়ায় তারা জনসমর্থন কুড়াতে বিরাট উদ্যোগ নেয়। কিন্তু গৃহযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক যোদ্ধা ও রাজাকার হিসেবে পরিচিত জামায়াত সদস্যদের সংঘাত বাধে। এরপর তারা কিছুটা পিছু হটে। কয়েক মাস পরে জিয়া নিহত হলে জামায়াত বিরোধিতায় ভাটা পড়ে। এর মধ্য দিয়ে সম্ভবত বাংলাদেশ রাজনীতিতে অধিকতর রক্ষণশীল ধারার সূচনা ঘটে। জোট রাজনীতি: নীতিবিরোধী হলেও সুবিধাজনক হলেই চলে। এটাই বাংলাদেশের জোট রাজনীতির মন্ত্র। তবে এই জোট রাজনীতির প্রধান সমস্যা হলো এর নেতা নির্বাচন। কারণ, প্রত্যেক শরিক দলই নেতৃত্ব ছাড়তে শৈথিল্য দেখান। এমনকি যখন বহুদল সরকারের বিরোধতায় জোট বাঁধে তখনো তাদের অবস্থানগত ঐক্য ঘটে না।