ভারতপ্রীতির কারণে সীমান্তে হত্যা বাড়ছে
বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ দেশের সরকারগুলোর ভারতপ্রীতির কারণে সীমান্তে হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির এক মানববন্ধনে বক্তারা এ অভিযোগ করেন। ‘বিএসএফ কর্তৃক সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যাসহ বাংলাদেশের ওপর ভারতের চতুর্মুখী আগ্রাসনের প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে ভারত। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম দুই দিনে চারজন নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এ ছাড়া সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে গুমও করছে তারা।বক্তারা বলেন, সীমান্তে হত্যা ও নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো নিন্দা বা প্রতিবাদ না জানিয়ে হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছেন, যা খুব দুঃখজনক। সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান তাঁরা।মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্যসচিব ও এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার। বক্তব্য দেন বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী প্রমুখ।