ভারতবিরোধী কর্মকাণ্ডে বাংলাদেশের মাটি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতবিরোধী কর্মকাণ্ডে বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এই আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার মনমোহনের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এই আশ্বাস দেন। দিল্লিতে মনমোহন সিংয়ের সরকারি বাসভবনে আজ দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান দিল্লি থেকে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী দিল্লিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বলেছেন। বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্তে হত্যা বন্ধ, টিপাইমুখ বাঁধসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। মারুফ কামাল খান বলেন, উষ্ণ, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়া ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ভারতের প্রধানমন্ত্রীও খালেদা জিয়ার এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন বলে জানান মারুফ কামাল খান।খালেদা জিয়ার প্রেস সচিব বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণের ক্ষেত্রে দুই দেশের গ্রহণযোগ্য বিশেষজ্ঞদের নিয়ে ‘এক্সপার্ট স্টাডি গ্রুপ’ করে তাদের প্রতিবেদন না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।আমাদের কলকাতা প্রতিনিধি জানান, ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৈঠকে খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের মাটি ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না।এই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।