ভারতবিরোধীদের নিয়ে আন্দোলনের চিন্তা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সম্পাদিত তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। এ জন্য সমমনা দল ও ভারতবিরোধী সংগঠনগুলোকে একত্র করে একটি সহায়ক শক্তি গঠন ও দেশব্যাপী জনমত সৃষ্টির জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করছে দলটি। বিএনপি এই ইস্যুতে জনগণের মধ্যে সরকারবিরোধী মনোভাব তৈরি করে সম্ভাব্য সব পথে এগোনোর চেষ্টা করবে। বিভিন্ন পক্ষের মধ্যে মতৈক্য সৃষ্টি ও আন্দোলন কর্মসূচি প্রণয়নে দলের কেন্দ্রীয় নেতা, রাষ্ট্রবিজ্ঞানী ও বুদ্ধিজীবীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তবে শুধু এই ইস্যুতে সংসদে যাওয়া না-যাওয়া নিয়ে দলের মধ্যে পক্ষ-বিপক্ষ সৃষ্টি হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের বাঁচা-মরার প্রশ্ন। তাই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বিএনপি।’ তিনি বলেন, এ জন্য সমমনা রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠনকে একত্র করতে হবে। পাশাপাশি জনমত সৃষ্টির জন্য দেশব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করা হবে।দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একটি বৃহত্তর ঐক্যের দিকে যাওয়ার চেষ্টা করছি।’বিএনপির নেতারা মনে করেন, চুক্তিগুলো রাষ্ট্রের নিরাপত্তার পরিপন্থী। এ ছাড়া সমুদ্র, রেল ও সড়কপথ ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি ভারত ফারাক্কা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা দেবে না, টিপাইমুখে বাঁধ করবে, মুজিব-ইন্দিরা চুক্তি মানবে না। এসব তাঁরা জনগণকে বোঝাবেন।স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে বাংলাদেশ-ভারত যে যৌথ ঘোষণা দিয়েছে, তা দাসত্বের ঘোষণা। এ ঘোষণার মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে এ ঘোষণা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এর বিরুদ্ধে সারা দেশে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলনের সিদ্ধান্ত: বিএনপির কাউন্সিলের পর স্থায়ী কমিটি গঠন করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের বিষয়ে দলের অবস্থান নির্ধারণে গত বুধবার রাতে প্রথম বৈঠকে বসে স্থায়ী কমিটি। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারককে দলের পক্ষ থেকে ‘দেশবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে। বৈঠকে বলা হয়, জনগণের স্বার্থে এখন আন্দোলনে যাওয়া বিএনপির নৈতিক দায়িত্ব।বিএনপির নেতারা জানান, একই দিনে খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এবং দলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আগামী দিনগুলোতে দলের অবস্থান কী হবে, তা নির্ধারণ করা হয়। পৃথক বৈঠকে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ভারতবিরোধী শক্তিগুলোকে একত্র করা এবং তৃণমূল পর্যায় পর্যন্ত মানববন্ধন, সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনই হরতাল ও অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার পক্ষে মত দেন নেতারা। সূত্র জানায়, খালেদা জিয়া দলের নেতাদের মনোভাব জানতে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কাল শনিবার এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অবস্থান ও করণীয় সম্পর্কে জাতিকে অবহিত করবেন।সংসদে যাওয়া না-যাওয়া: বিএনপির সাংসদেরা মনে করেন, এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ সময় আলোচনার সুযোগ থাকছে। তাই প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে দেশবাসীর কাছে বিএনপির অবস্থান তুলে ধরার এটাই সঠিক সময়। কিন্তু বিএনপির কয়েকজন নীতিনির্ধারক জানান, শুধু এই ইস্যুতে সংসদে গেলে এত দিন সংসদ বর্জন করা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিএনপির দেওয়া ১০ দফা দাবির বিষয়টিও মানুষের কাছে অযৌক্তিক মনে হতে পারে।সূত্র জানায়, দলের সংসদীয় কমিটির সদস্যরা এ জন্য বুধবার একটি বৈঠকে বসারও সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ওই দিন সংসদ অধিবেশন মুলতবি থাকায় বৈঠকটি আর হয়নি। রোববার বৈঠকটি হতে পারে।বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক: খালেদা জিয়া বুধবার রাতে বিএনপিপন্থী কয়েকজন বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠক করেন। সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা ও এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুুর রহমান এ বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে বর্তমান সময়কে কাজে লাগানোর পরামর্শ দেন বুদ্ধিজীবীরা। ভারতের সঙ্গে করা চুক্তিগুলো কেন জনস্বার্থবিরোধী এবং ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে সরকারের ব্যর্থতা কী, তা তুলে ধরার সিদ্ধান্ত হয় বৈঠকে। এ বিষয়গুলো সুস্পষ্ট করতে কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিয়ে এবং গণমাধ্যমে সহজভাবে তুলে ধরতে বিএনপির নেতা ও বুদ্ধিজীবীদের কাজে লাগানোর সিদ্ধান্ত হয়।চারদলীয় জোটকে কার্যকর করার প্রক্রিয়া শুরু: ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর এক বছর প্রায় অকার্যকর ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। এখন ভারতবিরোধী ইস্যুতে সেই দূরত্ব দূর করার উদ্যোগ নিচ্ছে বিএনপি। সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করতে জোটের শরিকদের সঙ্গে কাজ করবে বিএনপি। সূত্র জানায়, বেশির ভাগ ধর্মভিত্তিক দল ভারতবিরোধী। এদের একত্র করে যুগপত্ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলে তা অনেক বেশি শক্তিশালী হবে বলে বিএনপির নীতিনির্ধারকেরা মনে করেন। পাশাপাশি ভারতবিরোধী কয়েকটি বামপন্থী দল ও নেতাকে এ ক্ষেত্রে সঙ্গে পেতে বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।