ভারতীয় কূটনীতিবিদের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে তিন মাস আগে গ্রেপ্তারকৃত মাধুরী গুপ্ত নামের ভারতীয় একজন সাবেক কূটনীতিবিদকে গতকাল মঙ্গলবার দাপ্তরিক গোপনীয়তা আইনের অধীনে অভিযুক্ত করা হয়। পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ বুধবার এ খবর জানায়।মাধুরী গুপ্ত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রেস ও তথ্য বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে কাজ করতেন। গত এপ্রিলে তাঁকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফিরিয়ে আনার পর ৫৩ বছর বয়সী এই নারীর বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাঁর তিন থেকে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।উপপুলিশ কমিশনার শিবেশ সিংহ বলেন, মাধুরী গুপ্তের বিরুদ্ধে দাপ্তরিক গোপনীয়তা আইনের তিনটি ধারার অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে।ভারতীয় পুলিশ জানায়, মাধুরী গুপ্তকে গ্রেপ্তার করার আগে ছয় মাস তাঁর ওপর কড়া নজর রাখা হয়।