ভারতীয় বংশোদ্ভূত নারীর প্রেমে পড়েছিলেন ম্যান্ডেলা!
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ভারতীয় বংশোদ্ভূত এক নারীর প্রেমে পড়েছিলেন। আমিনা কাচালিয়া নামের ওই নারী তাঁর জীবনীতে এ কথা দাবি করেছেন। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ম্যান্ডেলার দেওয়া বিয়ের প্রস্তাব ওই নারী প্রত্যাখ্যান করেছেন। তা না হলে ভারতীয় বংশোদ্ভূত আমিনাই হতেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের স্ত্রী। ‘হেয়েন হোপ অ্যান্ড হিস্টরি রাইম’ শীর্ষক জীবনীতে আমিনা লিখেছেন, ম্যান্ডেলা তাঁর প্রেমে পড়েছিলেন। একপর্যায়ে বিয়েরও প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ম্যান্ডেলার বিয়ের প্রস্তাবের বিষয়টি দুই ছেলেকেও জানিয়েছিলেন আমিনা। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রবীণ কর্মী ইউসুফ কাচালিয়ার বিধবা স্ত্রী আমিনা। গত মাসে ৮৩ বছর বয়সে মারা যান আমিনা। তাঁর মৃত্যুর পর জীবনীটি প্রকাশিত হয়। তিনি তাঁর জীবনীতে ম্যান্ডেলার সঙ্গে তাঁর সম্পর্কের জীবন্ত বিবরণ দিয়েছেন। আমিনা লিখেছেন, ম্যান্ডেলা তাঁর বাসায় যাতায়াত করতেন। তিনিও ম্যান্ডেলার অফিস ও বাসভবনে যেতেন। ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা বর্তমানে প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিত্সাধীন। ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।