ভারতীয় সাহায্য গ্রহণ নিয়ে পাকিস্তানিরা বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত পাকিস্তানি জনগণের জন্য প্রতিবেশী ভারতের ৫০ লাখ ডলারের অর্থ সাহায্য গ্রহণ করা, না করা নিয়ে স্পষ্টতই বিভক্ত ছিল পাকিস্তানের রাজনৈতিক মহল। বৈরী প্রতিবেশী ভারতের কাছ থেকে সাহায্য নেওয়ার বিরুদ্ধে ছিলেন অনেক পাকিস্তানি রাজনীতিকই। অন্যদিকে অনেকেই ভারতের এ সাহায্যকে দুই দেশের সম্পর্কে নতুন দিনের সূচনা হিসেবে দেখেছে।গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে টেলিফোন করে বন্যার খোঁজখবর নেন। তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রীর মাধ্যমে বন্যাদুর্গতদের তাঁর সমবেদনাও পৌঁছে দেন। এর পাশাপাশি মনমোহন ত্রাণ ও পুনর্বাসন কাজের জন্য পাকিস্তানকে প্রাথমিকভাবে ৫০ লাখ মার্কিন ডলার দিয়ে সাহায্য করার প্রস্তাব দেন। তবে গিলানি তাত্ক্ষণিকভাবে মনমোহনকে সাহায্য গ্রহণ করার ব্যাপারে সরাসরি কিছু বলেননি।এর পরপরই ভারতীয় সাহায্য প্রস্তাব নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় পাকিস্তানি সরকারি মহলে। তবে সব আলোচনা-সমালোচনা ও বিতর্ককে পেছনে ফেলে পাকিস্তান সরকার ভারতের এ সাহায্য গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।নিউইয়র্কে পাকিস্তানের বন্যা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, ‘বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাকিস্তান সরকার ভারতের এ সাহায্য গ্রহণ করেছে।’তবে, ভারতীয় সাহায্য নেওয়ার ব্যাপারে রাজনৈতিক বিরোধিতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল মুসলিম লিগের (নেওয়াজ) সাংসদ রাজা জাফর-উল-হক বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের চাপেই ভারতীয় সাহায্য গ্রহণ করেছে।’ পিটিআই।পাকিস্তানের শীর্ষস্থানীয় উর্দু পত্রিকা জংকে তিনি বলেছেন, ‘ভারত পাকিস্তানের বন্যাদুর্গতদের অর্থ সাহায্য করছে, এটা অনেক পুরোনো খবর, শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী কেবল আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেছেন।’