ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রতিনিধিদলের বগুড়া সেনানিবাস পরিদর্শন
সফররত ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংহের নেতৃত্বে সামরিক প্রতিনিধিদল আজ বুধবার বগুড়া সেনানিবাস পরিদর্শন করেন। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।সামরিক প্রতিনিধিদল বগুড়া সেনানিবাসে ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জিয়া-উর-রহমানের সঙ্গে তাঁর অফিস-কক্ষে সৌজন্যসাক্ষাতে মিলিত হন। তাঁরা জিওসির সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এরপর ভারতীয় সামরিক প্রতিনিধি দল বগুড়া সেনানিবাসের আর্মর্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল (এসিসি অ্যান্ড এস) পরির্দশন করেন। পরিদর্শনকালে তাদের এসিসি অ্যান্ড এসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। প্রতিনিধিদলের সদস্যরা সেখানে বিভিন্ন শ্রেণীকক্ষ ও প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ভারতীয় প্রতিনিধিদল হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসেন। —বাসস