ভারতীয় একাধিক কর্তৃপক্ষের নির্দেশনায় রপ্তানি বাধা পায়
পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহা অধিদপ্তর (ডিজিএফটি) এককভাবে ক্ষমতাবান নয়। আইনিভাবেই ভারতের একাধিক সরকারি সংস্থা ও কর্তৃপক্ষ সে দেশে বিদেশি বাণিজ্যের ওপর বিধিনিষেধ আরোপের ক্ষমতা রাখে। আর তাই বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের বাধার মুখে পড়ে, তা নিরসনে জটিলতা দেখা দেয়।গতকাল বৃহস্পতিবার ঢাকায় মেট্রো চেম্বার (এমসিসিআই) আয়োজিত বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক এক সেমিনারে বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান এসব কথা বলেন।সেমিনারে বাণিজ্যমন্ত্রী ফারুক খান তাত্ক্ষণিকভাবে জানান, বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আগামী শনিবার বাংলাদেশ সফরে এলে বাণিজ্যবিষয়ক যেসব অসুবিধার কথা তাঁকে জানানো হবে, তাতে এ বিষয়টিও গুরুত্ব পাবে বলে তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে করণীয় নির্ধারণে ট্যারিফ কমিশনের কর্মকর্তাদের প্রতিবেদন তৈরিরও নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।ফারুক খান আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের পর যৌথ ঘোষণায় অশুল্ক বাধা অপসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে সদিচ্ছার কোনো ঘাটতি নেই। তবে আমলাতান্ত্রিক পর্যায়ে এসে বিষয়টি শ্লথ হয়ে যাচ্ছে।সেমিনারে এমসিসিআই সভাপতি আনিস উদ দৌলা স্বাগত বক্তব্য দেন। সেমিনার সঞ্চালনা করেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান।আলোচনা: সেমিনারে মোস্তফা আবিদ খান বলেন, বাংলাদেশ কোনো পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলে তা আমদানিনীতির আওতায় করতে হবে। কিন্তু ভারতে ডিজিএফটি যেমন নিষেধাজ্ঞা দিতে পারে, তেমনি রাজ্য সরকারের শুল্ক বিভাগও দিতে পারে।মোস্তফা আবিদ খান উদাহরণ দিয়ে বলেন, একবার সাবান রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তখন বাংলাদেশ থেকে ডিজিএফটির সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি সম্পর্কে কিছু জানে না বলে জানায়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, কলকাতায় শুল্ক কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে।মোস্তফা আবিদ খান আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুসারে বাংলাদেশি পণ্য ভারতে জাতীয় মর্যাদা (ন্যাশনাল ট্রিটমেন্ট) পাওয়ার যোগ্য। অর্থাৎ ভারতীয় কোনো পণ্য যেসব বাধার সম্মুখীন হচ্ছে না, বাংলাদেশি পণ্যও সেসব বাধার মুখে পড়বে না। কিন্তু বাস্তবে এই বিধান অনুসৃত হচ্ছে না।এগ্রিকালচার মার্কেটিং কোম্পানির (প্রাণ) উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ভারতে তাদের পণ্য রপ্তানির অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ভারতে আমরা নানা ধরনের অশুল্ক বাধার মুখে পড়ছি। আর বাংলাদেশে আমাদের প্রধান সমস্যা অবকাঠামোর অপর্যাপ্ততা।’আহসান খান উদাহরণ দিয়ে বলেন, খাদ্য-পানীয় পণ্যের মেয়াদ বোতলের তলায় লেখা থাকবে না মোড়কের গায়ে থাকবে—তা নিয়ে ভারতীয় শুল্ক কর্তৃপক্ষ একেক সময় একেক ধরনের নির্দেশনা দেয়। ফলে রপ্তানি বাধাগ্রস্ত হয়। লোকসানও গুনতে হয়। পণ্য পরীক্ষার ফল পেতে ৪০-৫০ দিন লেগে যায়।রহিম আফরোজ ব্যাটারিজের পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈন বলেন, ‘আমেরিকা বা ইউরোপে যেভাবে রপ্তানি করা হয়, ভারতে সেভাবে রপ্তানি কার্যক্রম পরিচালনা করা যায় না—এটাই বাস্তবতা। এটা মেনেই আমরা ব্যাটারি রপ্তানি করে যাচ্ছি।’অশুল্ক প্রতিবন্ধকতার উল্লেখ করে মুনাওয়ার মঈন বলেন, বাংলাদেশ থেকে রহিম আফরোজের দিল্লি কার্যালয়ের জন্য পণ্য পাঠাতে হলেও বিশাল এক প্রশ্নপত্র পূরণ করে ভারতীয় শুল্ক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়।কনফিডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) নর্থ-ইস্ট কাউন্সিলের চেয়ারম্যান দীপংকর চ্যাটার্জি বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এই অঞ্চলে বিনিয়োগ করলে কোনো আয়কর দিতে হয় না।সেমিনারের সন্মানিত অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসান মাহমুদ বলেন, রেলপথের মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে হবে। তিনি গোয়াহাটি, শিলং, আইজল ও ত্রিপুরায় বাংলাদেশের উপ বা সহকারী হাইকমিশন খোলার ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন, ঔপনিবেশিক আমলে সৃষ্ট জটিলতা থেকে দুই দেশকেই মুক্ত হতে হবে। ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশকেও তার সুবিধা পেতে হবে। তিনি জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ভারতীয় সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় কাজ চলছে।এমসিসিআইয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, ভারতে বিনিয়োগ করতে চাইলেও বাংলাদেশ থেকেই আইনি বাধা আছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হয়। তিনি এ বিষয়ে সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।সেমিনারে আরও বক্তব্য দেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান, সিটিব্যাংক এনএর প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন রশীদ, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত তৌফিক আলী ও আশফাকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদী সাত্তার এবং এমসিসিআইয়ের সহসভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।