ভারতীয় ক্রিকেটারদের একাডেমিতে পাঠানোর পরামর্শ গাভাস্কারের!
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে ভালোই চটেছেন সুনীল গাভাস্কার। এতটাই চটেছেন যে শর্ট বলে বারবার উইকেট হারিয়ে আসা ক্রিকেটারদের ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানোর পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।সুপার এইটের প্রতিটি ম্যাচে হেরে আজ সকালে দেশে ফিরে এসেছে ভারতীয় দল। ধোনিদের এ রকম বাজে পারফরম্যান্সের কারণ শর্ট বলে দুর্বলতা। শর্ট বল দিয়ে প্রতিটি ম্যাচেই ভারতীয় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের দিকে হাঁটিয়েছেন প্রতিপক্ষ বোলাররা। ভবিষ্যতে যেন এ সমস্যা না হয়, সে জন্য ব্যাটসম্যানদের একাডেমিতে পাঠানোর পরামর্শ দিয়েছেন গাভাস্কার।ভারতের টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএনকে দেওয়া সাক্ষাত্কারে ক্ষুব্ধ সাবেক এই অধিনায়ক বলেন, ‘যেসব ক্রিকেটার শর্ট বল খেলতে অস্বস্তি বোধ করে, তাদেরকে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো উচিত। শর্ট বল কীভাবে খেলতে হয় এখানে এসে শিখতে পারবে তারা।’ এরপর গাভাস্কার যোগ করেন, ‘ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ বলে ক্রিকেটারদের আমি বসিয়ে রাখার পরামর্শ দিতে পারছি না। তার চেয়ে ভালো, ক্রিকেটারদের একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হোক।’কয়েকজন সাবেক ক্রিকেটার অভিযোগ করেছেন, দীর্ঘদিন আইপিএলে খেলার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্লান্ত হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আইপিএলের ফাইনাল ও বিশ্বকাপের প্রথম ম্যাচের মধ্যে মাত্র পাঁচ দিন বিরতি ছিল। তবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য গাভাস্কার এ অভিযোগ মানতে নারাজ। তিনি বলছেন, ‘তা-ই যদি হতো, তাহলে শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠতে পারত না। অস্ট্রেলিয়া দলের অনেকেই আইপিএলে খেলেছে। তাই আমি মনে করি না, ভারতীয় দলের বাজে পারফরম্যান্সের পেছনে আইপিএল দায়ী।’