ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি পাথরশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার ভোরে সীমান্তবর্তী বগাইয়া নদীতে নৌকা নিয়ে পাথর তুলতে গেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিছানাকান্দি গ্রামের কামাল উদ্দিন (৩২) ও কামাল আহমদ (৩০)। আহত ইমাম উদ্দিনকে (৩০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইমাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গতকাল ভোরে সেহির খেয়ে সাড়ে চারটার দিকে আমরা তিনজন ১২৬৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের মধ্যবর্তী স্থানে বগাইয়া নদীতে নৌকা নিয়ে পাথর তুলতে যাই। ওই সময় হঠাৎ করে ভারতীয় খাসিয়ারা আমাদের দিকে ছররা গুলি ছোড়ে। এতে গুলি লেগে ঘটনাস্থলেই আমাদের দুজন নিহত হন। গুলি আমার পায়েও সামান্য লাগে।’ইমাম বলেন, জিরো পয়েন্টে পাথর তুলতে গেলেও তাঁরা বাংলাদেশ ভূখণ্ডেই ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীমান্তে দায়িত্বরত গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সেলিম বলেন, খবর পেয়ে পুলিশ সকাল নয়টার দিকে দুজনের লাশ উদ্ধার করে। পরে নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে।সীমান্তবর্তী বিছানাকান্দি গ্রামবাসীর ভাষ্যমতে, বাংলাদেশিরা সীমান্তে পাথর তুলতে গেলে প্রায়ই ভারতীয় খাসিয়ারা গুলি ও পাথর ছুড়ে লোকজনকে হতাহত করে। গরু-ছাগল নিয়ে যায়। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি জানলেও তারা কোনো ব্যবস্থা নেয় না।যোগাযোগ করা হলে বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম প্রথম আলোকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, ভারতীয় খাসিয়ারাই ছররা গুলি চালিয়ে দুই বাংলাদেশি পাথরশ্রমিককে হত্যা করেছে। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রতিবাদ জানানোর পর তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। এ নিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।’ শফিউল বলেন, এর আগেও ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়ে বাংলাদেশিদের হতাহত করেছে। এ জন্য প্রতিবারই বিজিবি বিএসএফের কাছে কঠোর প্রতিবাদ জানিয়ে এ ধরনের ঘটনা বন্ধ করার দাবি জানিয়েছে।