ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানিকৃত ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের নেতারা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বক্তারা এ দাবি জানান।ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মাহাবুব হোসেন সমাবেশে বলেন, দুই দশক ধরে চলচ্চিত্রশিল্পকে স্যাটেলাইট চ্যানেলের মোকাবিলা করতে হয়েছে। টেলিভিশনের দাপটে দেশি সিনেমা হারিয়েছে মধ্যবিত্ত শ্রেণীর দর্শক। আর এখন ভারতীয় বাজারি ছবি দেশি চলচ্চিত্রকে দাঁড় করিয়েছে উত্খাতের মুখে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।মানববন্ধনে চলচ্চিত্র সংসদ নিয়ন্ত্রণ আইন অবিলম্বে বাতিল করা, চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন, সিনেমা হলগুলোতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, বিদেশি স্যাটেলাইট চ্যানেল ও অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ মোট নয়টি দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি মিছিল মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।সমাবেশে আরও বক্তব্য দেন চলচ্চিত্রশিল্পী রোকেয়া প্রাচী, চলচ্চিত্রকার মনজুরুল হক, রাজনৈতিক কর্মী মাহবুব ইরান, সংগীতশিল্পী অরূপ রাহী, চলচ্চিত্রকর্মী হাবিবুর রহমান প্রমুখ।বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চলচ্চিত্র সংগঠন ছবির লড়াই ও সৃষ্টিগড় এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে।