ভারতীয় ছবি আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় ছবি আমদানি করা যাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন আগে বাণিজ্যমন্ত্রী ফারুক খান ভারতীয় ছবি আমদানি ও প্রদর্শনের সিদ্ধান্তের কথা জানান। এ কারণে গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সরকার এ রকম কোনো সিদ্ধান্ত নেয়নি বলে প্রধানমন্ত্রী বৈঠকে জানান। বৈঠক সূত্র এ তথ্য জানিয়েছে।বিদ্যুতের নতুন ইউনিট: কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে আরও একটি নতুন ইউনিট সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এ ছাড়া সৌর বিদ্যুতের ব্যবহারের ওপর মন্ত্রিসভায় জোর দেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, মন্ত্রিসভা বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০১৫ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ৭০ শতাংশ কেন্দ্রের যন্ত্রপাতি পুরোনো হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনের তুলনায় বেশি গ্যাস খরচ হয়। বৈঠকে দ্রুততার সঙ্গে নতুন যন্ত্রপাতি বসানোর নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বিবিয়ানায় যে পরিমাণ গ্যাস আছে বলে ধারণা করা হয়েছিল, প্রকৃতপক্ষে সেখানে তার চেয়ে বেশি গ্যাস আছে। ফলে সেখানে আরও একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যাবে। দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পর সঞ্চালন লাইন নির্মাণ করা হবে বলে বৈঠকে জানানো হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, গত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সময় এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। ফলে এখন বিদ্যুৎ সমস্যার নিরসন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতেও বর্তমান সরকার ক্ষমতায় এসে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। আগামী এক-দেড় মাসের মধ্যে আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।এ ছাড়া গতকালের বৈঠকে পরিবেশ সংরক্ষণ সংশোধন আইন, ইয়ুথ এমপ্লয়মেন্ট নেটওয়ার্ককে বাংলাদেশে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বিদ্যুৎ মন্ত্রণালয়কে অগ্রাধিকার ঘোষণা: সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে ‘অগ্রাধিকারপ্রাপ্ত মন্ত্রণালয়’ হিসেবে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাব অনুমোদন করেছেন। এ জন্য এই মন্ত্রণালয়কে অন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের যেকোনো প্রস্তাব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতেও সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। গত ২২ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের সই করা ওই চিঠিতে বলা হয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে দৈনিক গড়ে তিন হাজার ৮০০ থেকে চার হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার কারণে বিদ্যুতের ঘাটতি বাড়ছে।