ভারতীয় ছবিগুলো ফ্লপ করছে
দেশি চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলোর চাহিদা পূরণ করতে পারছে না বা দর্শক টানতে পারছে না—এ কারণ দেখিয়ে প্রদর্শকেরা দেশে ভারতীয় চলচ্চিত্র আমদানি করেন। পরে উচ্চ আদালতের নির্দেশে ভারতীয় তিনটি বাংলা চলচ্চিত্র জোর, বদলা ও সংগ্রাম-এর ছাড়পত্র দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। অন্যদিকে ভারত থেকে হিন্দি ছবি আনার বিষয়টি প্রক্রিয়াধীন। এদিকে হতাশ হয়ে পড়েছেন ভারতীয় চলচ্চিত্র আমদানিকারকেরা। কারণ, জোর ও সংগ্রাম ছবি দুটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তাই তৃতীয়টি আর মুক্তি দেওয়া হয়নি। অন্যদিকে ভারতের হিন্দি ছবিগুলো যে পরিমাণ অর্থ খরচ করে আমদানি করা হচ্ছে; লাভ দূরে থাক, খরচ উঠে আসা নিয়ে আমদানিকারকেরা নিজেরাই এখন সন্দেহ প্রকাশ করেছেন। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কে এম আর মঞ্জুর বললেন, ‘ভারতীয় বাংলা যে দুটি ছবি আমরা প্রদর্শন করেছি, এই ছবি দুটি কলকাতায় সুপারহিট ব্যবসা করেছে। কিন্তু আমাদের এখানে তা হয়নি। যে হিন্দি ছবিগুলো আনার সব প্রক্রিয়া চূড়ান্ত করেছিলাম, সেগুলোও এরই মধ্যে পুরোনো হয়ে গেছে। এখন এই ছবিগুলোর পেছনে যে অর্থ বিনিয়োগ করা হবে, তা কীভাবে উঠে আসবে, জানি না।’জানা গেছে, ভারতীয় ছবি প্রদর্শন করার ব্যাপারে প্রেক্ষাগৃহ-মালিকেরাও মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ, ছবি প্রদর্শন করে খরচ উঠিয়ে আনা কঠিন হয়ে পড়েছে। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বললেন, ‘হিন্দি ছবিগুলো আনার জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল। টাকাও পরিশোধ করা হয়েছে। সেগুলো তো আনতেই হবে। তবে এগুলো দেখার ব্যাপারে দর্শক কতটা আগ্রহী হবে, তা নিয়ে ভাবছি।’বাণিজ্য মন্ত্রণালয় ২০১০ সালে একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, সাবটাইটেলসহ উপমহাদেশের ছবি আমদানি করা যাবে। এর আওতায় ভারতীয় ছবি মাই নেম ইজ খান, দাবাং, তারে জমিন পর, থ্রি ইডিয়টস আনার জন্য ঋণপত্র খোলেন প্রদর্শকেরা।