ভারতীয় ছিটমহলে উড়ল বাংলাদেশের পতাকা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার ভেতরে ১২টি ছিটমহলে নিজ নিজ ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেন। এ সময় তাঁরা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকৃতির দাবি জানান। এরপরই ছিটমহলের সর্বত্রই বাংলাদেশি জাতীয় পতাকা ওড়ানো হয়।একই সঙ্গে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর ভেতরে অবস্থিত ভারতীয় ছিটমহলগুলোতেও বাংলাদেশি পতাকা উত্তোলন করা হয়। দীর্ঘ ৬০ বছর পর এই প্রথম বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ১১১টি ছিটমহলে বাংলাদেশি পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে বলে ছিটমহল-বিনিময় সমন্বয় কমিটির নেতারা দাবি করেছেন।পঞ্চগড় সদর উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় গারাতি ছিটমহলে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। নাগরিক কমিটির চেয়ারম্যান মো. মফিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এদিকে, ভারত-বাংলাদেশ ছিটমহল-বিনিময় সমন্বয় কমিটি নাগরিকত্বের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। ভারত-বাংলাদেশ ছিটমহল-বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে অবিলম্বে ছিটমহল-বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ছিটমহল-বিনিময়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিমত কী কারণে, তা স্পষ্ট করে রাজ্য সরকারকে জানাতে হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অতিরিক্ত জমি বাংলাদেশকে যদি দিতে না চায় তা স্পষ্টভাবে বিধানসভায় রাজ্য সরকারপ্রধানকে বিবৃতির মাধ্যমে জানাতে হবে। এ ছাড়া ২০১২-১৩ রাজ্য বাজেটে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহলগুলোতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সা, পূর্ণাঙ্গ আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং মুসলিম বাসিন্দাদের হজে যাওয়ার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।