ভারতীয় ছিটমহলে বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় গারাতি ছিটমহলে গণপিটুনিতে নিহত এক বাংলাদেশির লাশ ফেরত দিতে দেরি করায় গতকাল শনিবার ছিটমহলের বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।পুলিশ সুপার শাহরিয়ার রহমান গতকাল সন্ধ্যায় বিবিসিকে বলেন, সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নসংলগ্ন গারাতি ছিটমহলে ঘটনাটি ঘটে। সীমান্ত থেকে সাড়ে তিন কিলোমিটার ভেতরে ভারতীয় ছিটমহলে গত বৃহস্পতিবার রাতে একজন বাংলাদেশি ঢোকার পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে তিনি মারা যান। এরপর পুলিশ শুক্রবার সারা দিন ধরে ওই ব্যক্তির মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা করলেও গভীর রাতের পর ফেরত দেওয়া হয়। লাশ ফেরত দিতে দেরি করায় হাঁড়িভাসা, হাবিজাবাদ ও অমরখান—এই তিন ইউনিয়নের পাঁচ-সাত হাজার লোক খেপে যায়। তারা ওই ঘটনায় জড়িত সন্দেহে অনেকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৩০-৩৫টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানিয়েছে, ছিটমহলটির আয়তন প্রায় চার বর্গকিলোমিটার। সেখানে প্রায় তিন হাজার মানুষের বাস। এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাতে ছিটমহলবাসীর পিটুনিতে নিহত রমজান আলীর বাড়ি হাঁড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামে। ছিটমহলের বাসিন্দারা রমজানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর না করে ওই ছিটমহলেই কবর দেয়।এ ঘটনার জের ধরে মাথায় কাফনের কাপড় বেঁধে এবং হাতে লাঠি নিয়ে কয়েক হাজার লোক গতকাল ওই ছিটমহলে হামলা চালায়। এ সময় ছিটমহলের বাসিন্দারা বাড়িতে ছিল না। তারা হামলার আশঙ্কায় শুক্রবার ভোরে বাংলাদেশে তাদের আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে ছিটমহলের কিছু বাসিন্দা রমজানের লাশ পঞ্চগড় পুলিশের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। জানাজা শেষে বাদ আসর জিন্নাতপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।হাঁড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন প্রথম আলোকে জানান, ছিটমহলে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই বারবার এমন ঘটনা ঘটছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। গত পাঁচ-ছয় মাসে ছিটমহলে অন্তত তিনজন খুন হয়েছে।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন জানান, রমজান আলী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছিটমহলের তিন বাসিন্দাকে আটক করা হয়েছে। তাঁরা হলেন নূর হোসেন, জবেদ আলী ও জালালউদ্দিন। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হবে।পুলিশ সুপার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ছিটমহলের ভেতরে পুলিশ যাওয়ার আইনগত বৈধতা নেই। তাই বাইরে থেকে বিক্ষুব্ধ গ্রামবাসীকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ অংশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জেলা প্রশাসক বনমালী ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ঘটনাটি দুঃখজনক। এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।