ভারতীয় পণ্য নকল করছে চীন!
ভারতীয় পণ্যের নকল করছে চীন। ডাবর ও আইটিসির মতো বিখ্যাত ব্র্যান্ডগুলো এই নকল কারবারের সবচেয়ে বড় শিকার। আর এসব ভোগ্যপণ্যের নকল বের হওয়ায় প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রায় ৫০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে। ভারতের সরকারি সূত্রে এ কথা জানা গেছে। ডাবর ইন্ডিয়ার মহাব্যবস্থাপক (অর্থ) অশোক জৈইন বলেন, ‘চীনে ডাবরের পণ্যগুলো ব্যাপক হারে নকল হচ্ছে। ডাবরের তরফ থেকে ওই দেশটিতে ২০টি অভিযান চালানো হয়েছে। চীনা কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগও দায়ের করা হয়। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।’ ডাবর ইন্ডিয়া ভারতের চতুর্থ বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান।ডাবর ও আইটিসির নকল ভোগ্যপণ্যগুলো মূলত চীন থেকে আফ্রিকার দেশগুলোতে যাচ্ছে। এমনকি কিছু পণ্য খোদ ভারতেই ঢুকে পড়েছে বলে জানা গেছে। এসব পণ্যের মোড়কে ‘ভারতে প্রস্তুত’ কথাটি বড় করেই লেখা থাকে।জৈইন আরও বলেন, ‘নকল হওয়ার কারণে ব্র্যান্ডগুলো বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে নকল পণ্যগুলো অত্যন্ত নিম্নমানের। এগুলো আসল পণ্যের চেয়ে অনেক কম দামে বাজারে ছাড়া হচ্ছে।’এদিকে, আইটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রস্তুতকৃত জনপ্রিয় সিগারেট ব্র্যান্ডের দেদার নকল করে চলেছে চীনা প্রতিষ্ঠানগুলো। এ নকল সিগারেটগুলো ছত্তিশগড়, বিহার ও উত্তর প্রদেশের মতো রাজ্যগুলোতেও সরবরাহ করা হয়ে থাকে।ভারতের কেন্দ্রীয় কাস্টমস ও এক্সাইজ বোর্ডের চেয়ারম্যান এন কে গোয়াল বলেন, ‘চীন পৃথিবীর বিভিন্ন ব্যবসার জন্য আসলেই একটি সমস্যা। এরা তো কেবল ভারতীয় পণ্য নয়, বিশ্বে জনপ্রিয় অ্যাডিডাস, রিবক, নাইকি ও নিভিয়ার মতো পণ্যও অনেক দিন ধরে নকল করে আসছে।’সম্প্রতি, ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রে বিভিন্ন মার্কেটে দিল্লি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চীনে তৈরি নকল ভারতীয় ব্র্যান্ড পণ্য জব্দ করার পর কর্তৃপক্ষ ব্যাপারটি নিয়ে নতুন করে ভাবা শুরু করেছে। আইএনএস।