ভারতীয় পণ্য পরিবহনে ‘ট্রানজিট ফি’ স্থগিত করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম প্রান্তিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আদায়ে ২৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এই তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ১৫ হাজার ৫২৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আর গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১২ হাজার ৩৯৭ কোটি টাকা। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্য পরিবহনে ট্রানজিট ফি, রাজস্ব আদায়ের ত্রৈমাসিক চিত্র এবং এনবিআরের পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। ভারতীয় পণ্য পরিবহনে ট্রানজিট ফি প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘সরকারের নির্দেশে ট্রানজিট ফি নেওয়া স্থগিত করা হয়েছে। তবে ট্রানজিট ফি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না।’ বিকল্প ব্যবস্থা হিসেবে ডেফার্ড পেমেন্ট বা ব্যাংক গ্যারান্টি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন ও পরিচালনা) বশির উদ্দিন আহমেদ, সদস্য (শুল্ক প্রশাসন) ফরিদ উদ্দিন, সদস্য (আয়করনীতি) আমিনুর রহমান, সদস্য (মূসক) আবদুল মান্নান পাটোয়ারী প্রমুখ। রাজস্ব আদায়: সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি ৬৫ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১৫ হাজার ৫২৫ কোটি ২৭ লাখ টাকা। আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৩৯৪ কোটি ৬২ লাখ টাকা বেশি আদায় হয়েছে। ট্রানজিট ফি: এনবিআরের চেয়ারম্যান বলেন, ট্রানজিট বা ট্রানশিপমেন্ট ফি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এই বিষয়ে এনবিআরের একটি বিধিমালা রয়েছে। তবে এটা এখন কার্যকর হচ্ছে না, স্থগিত অবস্থায় রয়েছে। নাসির উদ্দিন আহমেদ আরও জানান, ট্রানজিটের সঙ্গে যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা জড়িত। এনবিআর এর একটি অংশ। তিনি জানান, আগামী ১০ নভেম্বর ট্রানজিট নিয়ে একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। সেই সেমিনারে সব পক্ষ মতামত দেবে। আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।