ভবিষ্যতে ক্ষমতায় গেলে বাংলাদেশের ভূখণ্ড ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হবে না। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এ আশ্বাস দিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।অন্যদিকে সীমান্তে বাংলাদেশি হত্যা পুরোপুরি বন্ধ করতে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মনমোহন সিং। গতকাল সোমবার নয়াদিল্লিতে এক বৈঠকে দুই নেতা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লির ৭ নম্বর রেসকোর্সের সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। আধা ঘণ্টার বৈঠকে সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধ, তিস্তার পানিবণ্টন চুক্তি সই, সীমান্ত প্রটোকল বাস্তবায়ন, ট্রানজিট চালুর মতো অনিষ্পন্ন বিষয়গুলো প্রাধান্য পায়।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত কয়েক বছরে ভারতের বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ভূমিকার প্রশংসা করে আসছে নয়াদিল্লি। অন্যদিকে বিএনপিকে ভারতবিরোধী বলে মনে করা হয় এবং দলটি ক্ষমতায় গেলে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে প্রশ্রয় পায় বলে অভিযোগ রয়েছে। পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি জানায়, খালেদা জিয়ার এই আশ্বাসের মাধ্যমে তাঁর ও তাঁর দলের ভারতবিরোধী ভাবমূর্তি পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।বিবিসির খবরে বলা হয়, গতকালের বৈঠকের পর ভারতের কর্মকর্তারাও উচ্ছ্বাস গোপন করেননি। এখন দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক মহলে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো, বিএনপির অতীত শাসনামলের পরিস্থিতি বিবেচনায় আজকের প্রতিশ্রুতি কতটা নির্ভরযোগ্য। কিন্তু বিএনপি ক্ষমতায় আসা মানেই যে বাংলাদেশে ভারতবিরোধীদের রমরমা নয়, সে ব্যাপারটা বোধ হয় দিল্লি এখন থেকে মনে রাখতে শুরু করবে।গতকাল অনানুষ্ঠানিক বৈঠকের পর দুই নেতা একান্তে কিছু সময় কথা বলেন বলে সাংবাদিকদের জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বৈঠক শেষে খালেদা জিয়ার সম্মানে তাঁর বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন মনমোহন সিং।ভারত সরকারের আমন্ত্রণে গত রোববার এক সপ্তাহের সফরে ভারতে গেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সফরের প্রথম দিন দিল্লিতে পৌঁছে তিনি ভারতের বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও একাধিক মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী ৩ নভেম্বর তিনি দেশে ফিরবেন। এর আগে ২০০৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লি সফর করেন খালেদা জিয়া। সেই সফরের ফলাফল মোটেই ভালো ছিল না। উল্লেখ্য, বিএনপির সরকারের আমলে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই হবে না: খালেদা-মনমোহন বৈঠকের পর এ বিষয়ে দিল্লির হোটেল তাজ প্যালেসে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।শমসের মবিন জানান, বিভিন্ন ধরনের সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে একসঙ্গে কাজ করার পক্ষে মত দেন খালেদা জিয়া। এ প্রসঙ্গে মনমোহন সিংকে খালেদা জিয়া বলেন, ‘আমি কিংবা আমার দল বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সন্ত্রাসবাদী তৎপরতা বা ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন তৎপরতা চালাতে দেব না। বাংলাদেশের মাটিকে আর কখনোই সন্ত্রাসীদের অবাধ বিচরণভূমি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।’বন্ধুতা বিশেষ দলের প্রাধান্য নয়: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে উল্লেখ করেন, প্রতিবেশী বাংলাদেশের সব রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করে ভারত। বিশেষ কোনো ব্যক্তি বা কোনো দলকে ভারত প্রাধান্য দেয়, এমনটা নয়। মনমোহন সিং এও বলেছেন, ভারত তার নিজের স্বার্থেই স্থিতিশীল, উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়।হত্যা মানেই নেতিবাচক বার্তা: সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যা বন্ধের বিষয়টি বিএনপির চেয়ারপারসন আলোচনায় তোলেন। এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, সীমান্তে একজন বাংলাদেশি প্রাণ হারালেই তা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক বার্তা দেয়। জবাবে মনমোহন সিং বলেন, তিনি একজনের মৃত্যুকেও পাশ কাটাতে চান না। তবে ভবিষ্যতে সীমান্তে প্রাণহানি বন্ধ করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। তিস্তায় ন্যায্য হিস্যার দাবি: খালেদা জিয়া তিস্তার পানিবণ্টন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা দাবি করেন। এ প্রসঙ্গে তিনি মনমোহন সিংকে বলেন, বাংলাদেশের মানুষ অভিন্ন নদীর পানিতে ন্যায্য হিস্যা চায়। কারণ, এটি এ দেশের মানুষের জীবন-মরণ প্রশ্ন। তবে গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ’৭৪-এর সীমান্ত প্রটোকলের ক্ষেত্রে যেটুকু অগ্রগতি হয়েছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন খালেদা জিয়া। দুই দেশের স্বার্থে সীমান্তসংলগ্ন ওই সব এলাকায় বসবাসরত লোকজনকে ক্ষতিগ্রস্ত না করে—এ বিষয়টি যত তাড়াতাড়ি সমাধান করা যায়, ততই মঙ্গল বলে তিনি মত দেন। এদিকে ভারতের মণিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে যৌথ নদী কমিশনের আওতায় একটি উপকমিটির মাধ্যমে যৌথ সমীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় খালেদা জিয়া ভারত সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন, যৌথ সমীক্ষার প্রক্রিয়ার সঙ্গে গ্রহণযোগ্য ও যোগ্য বিশেষজ্ঞদের এ প্রক্রিয়ায় যুক্ত করা উচিত।বৈঠকে মনমোহন সিং বিরোধীদলীয় নেতার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করেন। অন্যদিকে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।মনমোহন সিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে শমসের মবিন চৌধুরী ছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ। মনমোহন সিংয়ের সঙ্গে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পুলক চ্যাটার্জি ও পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই। বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন বিজেপির নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, নগর উন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী আবুল হাসেম খান চৌধুরীসহ বেশ কয়েকজন রাজনীতিক ও সাংসদ।