ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা অস্ত্র কিনছে চীন থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো চীন থেকে অবৈধভাবে সমরাস্ত্র কিনছে। এই প্রথম ভারতে একটি মামলার তদন্তে এর প্রমাণ মিলেছে। সম্প্রতি ভারতের নয়াদিল্লির একটি আদালতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) দাখিল করা অভিযোগপত্রে এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।ওই অভিযোগপত্রে বলা হয়েছে, নাগা বিদ্রোহী গোষ্ঠী দ্য ন্যাশনাল সোশ্যালিস্টিক কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন-আইএম) সর্বশেষ গত বছর চীন থেকে আনা একটি অস্ত্রের চালান এনে কক্সবাজারে খালাসের পরিকল্পনা করেছিল। কিন্তু উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কারণে পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়। এই অস্ত্রের চালান কেনার প্রধান উদ্যোক্তা এনএসসিএনের নেতা অ্যান্থনি শিমরে গ্রেপ্তারের পর এনআইএর জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন।এ ছাড়া ২০০৪ সালে চট্টগ্রামে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্র চালানের ঘটনায়ও অ্যান্থনি শিমরের নাম আলোচনায় আসে। তখন যুক্তরাজ্যভিত্তিক প্রখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেনস ইন্টেলিজেন্স রিভিউর (জেআইআর) ২০০৪ সালের ১ আগস্ট সংখ্যায় এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্থনি শিমরের মাধ্যমে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) ১০ ট্রাক সমরাস্ত্র সংগ্রহ করে। এমনকি ২০০৪ সালে অস্ত্র খালাসের সময় উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার সঙ্গে শিমরেও চট্টগ্রামে অবস্থান করছিলেন।এনএসসিএন-আইএমের প্রধান অস্ত্র সংগ্রাহক অ্যান্থনি শিমরেকে গত বছর নেপালের কাঠমান্ডু বিমানবন্দর থেকে আটক করে ভারতে নেওয়া হয়। অবশ্য ভারত কর্তৃপক্ষ তাঁকে ভারতে গ্রেপ্তার দেখায়।এনআইএর একটি সূত্র জানায়, শিমরেকে জিজ্ঞাসাবাদ করার পর বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহে জড়িত একাধিক বিদেশি ব্যক্তি ও চীনা কোম্পানির নাম বেরিয়ে আসে। টানা ছয় মাস তদন্তের পর দিল্লির একটি আদালতে এনআইএ অ্যান্থনি শিমরে ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এই তিনজন হলেন এনএসসিএনের নেতা টি আর ক্যাভলিন, হ্যাংসশি র্যামসন টংখুল এবং ব্যাংককভিত্তিক অস্ত্র ব্যবসায়ী উইলি নরুয়েনার্তওয়ানিচ। এই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির আদালত।অভিযোগপত্রে বলা হয়েছে, এনএসসিএনের মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো চীনের বেশ কয়েকটি অস্ত্র কারখানা থেকে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ কেনার চুক্তি করেছে বলে তদন্ত কর্মকর্তারা পর্যাপ্ত তথ্য-প্রমাণ পেয়েছেন। প্রমাণ হিসেবে তাদের অর্থের লেনদেন এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ এবং অভিযুক্ত তিনজনের আলাপ-আলোচনার রেকর্ড আদালতে দাখিল করেছে এনআইএ। অভিযোগপত্রে বলা হয়েছে, ব্যাংককে স্পা ব্যবসার আড়ালে উইলি অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। এক মধ্যস্থতাকারীর মাধ্যমে শিমরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। শিমরে তদন্তকারীদের বলেছেন, তিনি উইলিকে জানিয়েছিলেন যে তাঁর দল একে-৪৭ রাইফেল, হালকা মেশিনগান, রকেট লঞ্চারসহ মোট এক হাজার আগ্নেয়াস্ত্র এবং পাঁচ লাখ গুলি কিনতে চায়। উইলি ২০০৭ সালে শিমরেকে টিসিএল নামের একটি চীনা অস্ত্র কোম্পানির লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর পরই ওই কোম্পানির প্রতিনিধি উথনার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। প্রাথমিকভাবে ২০ লাখ মার্কিন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করার সিদ্ধান্ত হয়। তবে নয়াদিল্লির এনএসসিএনের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পর টিসিএল ১০ লাখ মার্কিন ডলারের অস্ত্র সরবরাহ করতে রাজি হয়। দলীয় নেতারা যেসব অস্ত্র কেনার বিষয় অনুমোদন করেছিলেন, সেসব অস্ত্রের তালিকা নাগাল্যান্ডের ডিমাপুরভিত্তিক নেতা ক্যাভলিনের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে অ্যান্থনি শিমরে জোগাড় করেন। ঠিক হয় ভিয়েতনামসংলগ্ন দক্ষিণ চীনের বেইহেই বন্দর থেকে অস্ত্র ও গোলাবারুদের চালান জাহাজে তোলা হবে। ওই চালান বাংলাদেশের কক্সবাজারের গভীর সমুদ্র পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে ছোট ছোট মাছ ধরার ট্রলারে করে বিদ্রোহীরা নিজেদের আস্তানায় নিয়ে যাবে। অভিযোগপত্রে বলা হয়, শিমরে ২০০৯ সালের মে মাসে অস্ত্রের মূল্য বাবদ আগাম এক লাখ ডলার উইলির মাধ্যমে টিসিএলের কাছে পৌঁছে দেন। টিসিএল সেই অর্থ পাওয়ার পর শিমরের কাছে একটি ইলেকট্রনিক প্রাপ্তি স্বীকারপত্রও পাঠায়।এরপর এনএসসিএনের ব্যাংকক কার্যালয় থেকে শিমরে আট লাখ ডলার নেন। সেখান থেকে সাত লাখ ডলার উইলির মাধ্যমে টিসিএলকে দেন। বাকি এক লাখ ডলার অস্ত্র পরিবহনের জন্য ব্যাংককের ইন্টারমেরিন শিপিং কোম্পানির এজেন্ট কিত্তিচাইকে দেওয়া হয়।এনআইএ বলছে, ২০১০ সালের সেপ্টেম্বরে শিমরে বুঝতে পারেন, বাংলাদেশে পরিস্থিতি এনএসসিএনের অনুকূলে নেই। ফলে এই অস্ত্রের চালান এনে কক্সবাজারে খালাসের পরিকল্পনা বাতিল করেন। শিমরে তাঁর ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ২০১০ সালের অক্টোবরে জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার সময় নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে তিনি ধরা পড়েন। দিল্লির আদালতে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এনএসসিএনের সঙ্গে নোরিনকো নামের আরেকটি চীনা অস্ত্র কোম্পানির যোগাযোগ ছিল।প্রসঙ্গত, চট্টগ্রামে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্রের চালানটিও চীনের নোরিনকো থেকে কেনা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সিআইডি চট্টগ্রামের আদালতে দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছে।জানা গেছে, ১৯৯৭ সালে ভারত সরকারের সঙ্গে এনএসসিএনের অস্ত্রবিরতি চুক্তি হয়। তাদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা এখনো চলছে। তা সত্ত্বেও সংগঠনটি অস্ত্র জোগাড় করা অব্যাহত রেখেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে।