ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল কাল ঢাকায় আসছে
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস পার্টির প্রভাবশালী নেতা ও রাজ্যসভার সদস্য মণিশংকর আয়ার ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল নিয়ে কাল শনিবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার মধ্যে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের উপায় খুঁজতে তাঁরা ঢাকা ও চট্টগ্রাম সফর করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরকালে মণিশংকর বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে। মণিশংকরের সঙ্গে ২০ জনের বেশি ব্যবসায়ী ছাড়াও নয়াদিল্লির কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা থাকবেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের নেতাদের সঙ্গে তাঁদের বৈঠক ও অন্যান্য কার্যক্রমে সার্বিক সহায়তা দেবে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা ও বাংলাদেশের যোগাযোগের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তাঁর সরকার শেখ হাসিনা সরকারের সঙ্গে যৌথভাবে ভারতের ওই এলাকা এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং উভয় এলাকার মানুষের পারস্পরিক সম্পর্কোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।মনমোহন সিংয়ের গত সরকারে (২০০৪-০৯) মণিশংকর আয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যবিষয়ক মন্ত্রী ছিলেন। সে সুবাদে এ এলাকাসংশ্লিষ্ট বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। দুই দশক ধরে তিনি ওই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। মণিশংকরের ভাষ্যমতে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যিক লেনদেন কম থাকার কারণে ভারতের ওই অঞ্চল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। ভারত থেকে চাল ও গম ক্রয়সংক্রান্ত বৈঠক: ভারত থেকে সিদ্ধ নন-বাসমতী চাল ও গম আমদানির বিষয়টি চূড়ান্ত করতে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের প্রথম দফা বৈঠক হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের একজন সদস্য বলেছেন, ওই বৈঠকে ভারত থেকে বাংলাদেশে এক লাখ মেট্রিক টন চাল এবং চার লাখ মেট্রিক টন গম রপ্তানির পরিবহনব্যবস্থা নিয়েই মূলত আলোচনা হয়েছে। এসব খাদ্য ট্রেন, না জাহাজে পাঠানো হবে—সে বিষয়ে তাঁরা আলোচনা করেন। আজ শুক্রবার আবার এ বিষয়ে উভয় পক্ষ বৈঠক করবে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খানের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে রয়েছেন খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান ও একই বিভাগের পরিচালক ইলাহি দাদ খান।