ভারতীয় ভূখণ্ড ব্যবহারে অনুমতি চাইছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছিটমহলবাসীর ভোট দেওয়া নিশ্চিত করতে তাঁদের যাতায়াতের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহারের অনুমতি চাইছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের আগে-পরে তিন দিনের জন্য এই সুবিধা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার ভারতীয় হাইকমিশনকে চিঠি দেওয়া হচ্ছে। আগামী ৪, ৮ ও ১৪ জুন ছিটমহল-সংশ্লিষ্ট এসব ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলার ছিটমহল-সংশ্লিষ্ট ইউনিয়নগুলোয় ভোটারদের আসা-যাওয়াসহ নির্বাচনী কার্যক্রমের সুবিধার্থে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এ-সংক্রান্ত অনুরোধপত্র এ সপ্তাহেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনে পাঠানো হবে। সূত্র জানায়, নির্বাচন কমিশন থেকে গতকাল এ-সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।ভারতের ভূখণ্ডবেষ্টিত বাংলাদেশের ৫১টি ছিটমহলের মধ্যে কয়টির ভোটার এই নির্বাচনে ভোট দিতে পারবেন, সেই তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সাখাওয়াত হোসেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, ৫১টি ছিটমহলের (সব মিলে আয়তন সাত হাজার ১১০ একর) মধ্যে আঙ্গরপোতা ও দহগ্রামে গিয়ে কিছু বাসিন্দাকে ভোটার তালিকাভুক্ত করা সম্ভব হয়েছে। সব ছিটমহলের পাঁচ হাজারের বেশি ভোটার পার্শ্ববর্তী ইউনিয়নে এসে তালিকাভুক্ত হয়েছেন।নির্বাচন কমিশন সচিবালয়ের পৌর ও পল্লি শাখার একজন কর্মকর্তা জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছয় ইউনিয়নে (বাউরা, শ্রীরামপুর, কুচলঊড়ী, জোংড়া, পাটগ্রাম, জগতবেড়) ২৯টি ছিটমহল এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুটি ছিটমহল সংশ্লিষ্ট রয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ছয়টি ইউনিয়নের (পাথরডুবি, তিলাই, জয়মনিরহাট, শিলঘুড়ি, নাওডাঙ্গা ও ফুলবাড়ী) সঙ্গে ২০টি ছিটমহল সংশ্লিষ্ট রয়েছে।ওই চিঠিতে যেসব ছিটমহলের নাম উল্লেখ রয়েছে সেগুলো হলো: বালাপুকুরী, শিবনাথ-১, শিবনাথ-২, জমগ্রাম, নলগ্রাম, ছিট নলগ্রাম, ফলনাপুর, মহিষমারী, জোত নিজ্জমা, ছিট পানবাড়ী, পানবাড়ী-১, পানবাড়ী-২, কচুলীবাড়ী, ছিট কচুলীবাড়ী, ধবলগুড়ি-১, ধবলগুড়ি-২, ধবলগুড়ি-৩, ধবলগুড়ি-৪, ধবলগুড়ি-৫, ককোয়াবাড়ী, ধবলসতী মীরগীপুর, ছিট ধবলসতী, ধবলসতী, জগতবেড়-১, জগতবেড়-২, জগতবেড়-৩, ভান্ডারদহ, কিসামত বাত্রিগাছি, বাত্রিগাছি, ছিট কচুয়া, উত্তর বাঁশজানী, উত্তর মশালডাঙ্গা, মধ্য মশালডাঙ্গা, পশ্চিম মশালডাঙ্গা, দক্ষিণ মশালডাঙ্গা, পশ্চিম টি মশালডাঙ্গা, মধ্য ছিট মশালডাঙ্গা, পূর্ব ছিট মশালডাঙ্গা, পূর্ব মশালডাঙ্গা, ছাট তিলাই, পোয়াতুরকুচি, পশ্চিম বাঁকালীর ছড়া, মধ্য বাঁকালীর ছড়া, পূর্ব বাঁকালীর ছড়া, পূর্ব বাঁকালীর ছড়া-১, উত্তর ধলডাঙ্গা, ছিট করলা, শিব প্রসাদ মোস্তাফী ও ছিট চন্দ্রখানা।ধারণা করা হয়, সব ছিটমহলে পাঁচ লক্ষাধিক জনবসতি রয়েছে। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ২০০৭ সালে কমিশন উদ্যোগ নিয়ে দুটি ছিটমহলে ভোটার করতে সক্ষম হয়।বাংলাদেশের ভূখণ্ডবেষ্টিত ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৫৮ একর।