ভারতীয় রিকন্ডিশন্ড ট্রাক আমদানির প্রস্তাব নাকচ
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানির সুপারিশ করেছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তাত্ক্ষণিক কমিটির সেই প্রস্তাব নাকচ করেছে। মন্ত্রণালয় বলেছে, ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানি করলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে। সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ৩৮তম বৈঠকে আজ রোববার প্রস্তাব দেওয়া ও নাকচ হওয়ার এই ঘটনা ঘটে। বৈঠক শেষে কমিটির সদস্য শেখ আফিল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিটি ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানির বিষয়টি উপস্থাপন করে। বলা হয়, যশোরের বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা ভারতীয় রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানির দাবি জানিয়েছেন। তাঁদের যুক্তি, ভারতের নতুন ট্রাকের চেয়ে পুরোনো ট্রাকের মান তুলনামূলকভাবে ভালো। এর জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে বলেন, ভারত থেকে পুরোনো ট্রাক আমদানি করা যাবে না। কারণ, এতে প্রতারিত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকবে। ভারতীয় অসাধু ব্যবসায়ীরা অধিক পুরোনো গাড়িতে নতুন রং করে এবং গড়াপেটার (টেম্পারিং) মাধ্যমে গাড়ির কাঠামোতে (চ্যাসিস) উত্পাদনের তারিখ পরিবর্তন করে বাংলাদেশে রপ্তানি করতে পারে। সূত্র জানায়, মন্ত্রণালয়ের আপত্তির কারণে শেষ পর্যন্ত কমিটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি। বৈঠক শেষে শেখ আফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা দাবি তোলায় এ প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী যে আশঙ্কা করছেন, তা সত্য। অসাধু ব্যবসায়ী সব জায়গাতেই আছে। কিন্তু তাদের কারণে তো অন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে না।’কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, এম আবদুল লতিফ ও শেখ আফিল উদ্দিন অংশ নেন।