ভারতীয় শ্রমিকদের ধর্মঘটে অচল ভোমরা স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৮ দিন বন্ধ থাকার পর ভারতীয় শ্রমিকদের নতুন করে ডাকা ধর্মঘটের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের শ্রমিক সংগঠনগুলো গত বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে, পুনর্বাসন ও মজুরির দাবিতে আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে।সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ধর্মঘটের বিষয়টি গতকাল শুক্রবার তাঁদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি জানান, ভারতীয় প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি ১০ চাকার ট্রাক খালাসে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিকের বিপরীতে মাথাপিছু ১১ রুপি করে দেওয়ার কথা আমদানিকারকদের। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। এ কারণে গত বৃহস্পতিবার দুপুরে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সংগ্রামপুর-ঘোজাডাঙ্গা শ্রমিক, লরিমালিক ও ট্রান্সপোর্ট সমন্বয় সমিতি এলাকায় মাইকিং করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়।ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িস কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিমল রায় জানান, বৃহস্পতিবার মাইকিং করে ধর্মঘটের ঘোষণা দেওয়ার পর বন্দর বন্ধ করে দেওয়া হয়। পরে বিষয়টি তাঁরা লিখিতভাবে বারাসাত জেলা প্রশাসককে জানান। পাশাপাশি ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকেও তাঁরা ধর্মঘটের বিষয়টি জানান।ভোমরা স্থলবন্দরের কাস্টমের সহকারী কমিশনার মো. আল আমিন প্রথম আলো ডটকমকে জানান, ধর্মঘটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাঁদের জানানো হয়নি। তবে তাঁরা বিষয়টি শুনেছেন। ভোমরা বন্দর এক দিন বন্ধ থাকলে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয় বলে জানান তিনি।সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চৌকির সামনের বিদ্যাধারী সেতুর ওপর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচলের দাবিতে ১৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৮ দিন যৌথভাবে ধর্মঘট পালন করে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িস কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওই সময় ভারতীয় শ্রমিকেরা দাবি করেন, ১০ চাকার ট্রাক সরাসরি গেলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন প্রতিশ্রুতি দেয়, প্রতি পণ্যবাহী ট্রাকে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিকের বিপরীতে মাথাপিছু ১১ রুপি করে মূল্য বহন করবেন আমাদানিকারকেরা। কিন্তু সে সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় শনিবার থেকে ঘোজাডাঙ্গা বন্দরে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেন ভারতীয় শ্রমিকেরা।