ভারতীয় সংসদে ফিদা হুসেনকে দেশে ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে স্বেচ্ছায় নির্বাসিত উপমহাদেশের প্রখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেন কাতারের নাগরিকত্ব গ্রহণ করার পরও বলেছেন, তিনি ভারতকে ত্যাগ করেননি। তিনি আজ বিশ্ব নাগরিক। তিনি চান না রাজনীতির সঙ্গে সংস্কৃতি জড়াতে। রাজনীতি নয়, শিল্প-সংস্কৃতিই সভ্যতাকে বাঁচিয়ে রাখে বলেও তিনি মন্তব্য করেন। ভারতের এই প্রথিতযশা চিত্রকর মকবুল ফিদা হুসেনের বয়স এখন ৯৫ বছর। হিন্দু দেব-দেবীর নগ্ন ছবি এঁকে তিনি মৌলবাদী হিন্দুদের রোষানলে পড়েন। অবশেষে তিনি স্বেচ্ছা নির্বাসনে যান দুবাই। দীর্ঘ পাঁচ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর কদিন আগে তিনি কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন। এর পরেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।মকবুল ফিদা হুসেন বিভিন্ন সংবাদমাধ্যমে আরও বলেন, ‘ভৌগলিক সীমানা গুরুত্বপূর্ণ কিছু নয়। পাসপোর্টও এক টুকরো কাগজ ছাড়া কিছু নয়। সংস্কৃতি আর তাঁর আত্মাটাই আসল।’ যদিও এখন ভারত সরকার চাইছে হুসেনকে যথাযথ সম্মান ও নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনতে। হুসেন সেই ডাকে এখনো সাড়া দেননি। তবে তিনি এ কথাও বলেছেন, ‘ওরা কী বলছে সেটা আমি জানতে চাই না। আমায় কেউ আটকায়নি। চাইলে কালই ফিরে যাব।’ যদিও তিনি এর পাশাপাশি আক্ষেপ করে বলেছেন, ‘এত দিন তো আমাকে ফিরিয়ে নেওয়ার কথা বলেনি কেউ।’ কাতারের নাগরিকত্ব নেওয়ার পর এখন তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছে। মকবুল ফিদা হুসেন আরও বলেছেন, ‘দৃশ্যশিল্পে রাজনৈতিক সীমানা বলতে কিছু হয় না। পৃথিবীর যেখানেই থাকি পাঁচ হাজার বছরের ভারতীয় সংস্কৃতির সঙ্গে আমার যোগ অটুট থাকবে।’এদিকে বৃহস্পতিবার ভারতের সংসদের উভয় কক্ষ রাজ্যসভা ও লোকসভাতে মকবুল ফিদা হুসেনকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছে সিপিআইএম সাংসদেরা। লোকসভায় সাংসদ রামচন্দ্র ডোম জিরো আওয়ারে এ দাবি তুলে বলেন, ‘এই বয়সে একজন পৃথিবী বিখ্যাত শিল্পীর নাগরিকত্বের জন্য অন্য দেশের দ্বারস্থ হতে হবেন—এটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে হুসেনকে সসম্মানে ফিরিয়ে আনতে হবে দেশে।’ রাজ্যসভায় সিপিআইএম সাংসদ মইনুল হোসেন বলেন, ‘ফিদা হুসেনের মতো ভারতের এক মহান সন্তানকে দেশে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না বিষয়টি অত্যন্ত লজ্জার।’ তিনিও অবিলম্বে ফিদা হুসেনকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।