ভারতীয় সেনাপ্রধানের বিএমএ পরিদর্শন প্রসঙ্গে সেনাসদরের বক্তব্য
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ২২ জুন অনুষ্ঠেয় পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিজয় কুমার সিংকে আমন্ত্রণ জানানো হয়েছে।এরই পরিপ্রেক্ষিতে দেশের কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা, নৈতিকতা ও আত্মবিশ্বাস এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়টিকে জড়িয়ে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশিত হয়েছে।সেনাসদরের বক্তব্য হচ্ছে, ১৩ জুন একটি দৈনিক পত্রিকার সংবাদে বলা হয়েছে, ‘কোন দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পাসিং আউট বা জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অন্য দেশের সামরিক কর্মকর্তাকে প্রধান অতিথি করার কথা জানা যায় না।’পত্রিকাটির জ্ঞাতার্থে সেনাসদরের বক্তব্য হলো: বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর প্রধান মরহুম জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে ১২ বছর আগে (১৯৯৮ সালে) দেরাদুনের ভারতীয় মিলিটারি একাডেমির (আইএমএ) পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে তিনি বিদায়ী ক্যাডেটদের প্যারেডের রিভিউইং অফিসার হিসেবে সালাম গ্রহণ করেছিলেন। একইভাবে ভারত সরকারের আমন্ত্রণে নেপালের সেনাবাহিনীর প্রধান জেনারেল ছত্র মান সিং গুরুং আইএমএর পাসিং আউট প্যারেডে রিভিউইং অফিসার হিসেবে যোগদান করেন (পিটিআই নিউজ, ১২ ডিসেম্বর ২০০৯)। অপরদিকে শ্রীলঙ্কা সরকারের আমন্ত্রণে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নির্মল ভার্মা শ্রীলঙ্কান নেভাল ও মেরিটাইম একাডেমিতে নেভাল ক্যাডেটদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগদান করে প্যারেড রিভিউ করেন (হিন্দুস্তান টাইমস, ২৮ জুন ২০১০)।উল্লেখ্য, ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে একজন নবীন অফিসার হিসেবে মিত্রবাহিনীর হয়ে সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন। তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে তিনিই একমাত্র চাকরিরত আছেন।তাঁর মতো একজন ব্যক্তিত্বকে বিএমএর পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় এ দেশের নবীন অফিসারদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।এতে বলা হয়, অন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে বিভিন্ন দেশের দৃষ্টান্ত তুলে ধরে সমালোচনা করার চেষ্টা করেছে। তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, ঐতিহাসিকভাবেই বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গে সর্বদাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের এ সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও অটুট। তা ছাড়া ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে এ সম্মান দেখানোর পেছনে বাংলাদেশের প্রতিরক্ষাব্যবস্থার উন্নয়নে কোন রাষ্ট্র কতটা অবদান রেখেছে, সে বিষয়টি মুখ্য নয় বরং ভারতের মিলিটারি একাডেমিতে প্যারেড রিভিউইং অফিসার হিসেবে আমাদের তত্কালীন সেনাবাহিনীর প্রধানকে আমন্ত্রণ জানিয়ে যে বিরল সম্মান প্রদর্শন করা হয়েছিল, সে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি মূলত বিনিময়মূলক সৌহার্দ্য প্রদর্শনের নিমিত্তে গৃহীত একটি পদক্ষেপ।সেনাসদর বলেছে, ভারতীয় সেনাপ্রধানের বিএমএ পরিদর্শনের অর্থ কোনো দেশের প্রতি দুর্বলতা প্রদর্শন নয়, বরং তা উভয় দেশের মধ্যে চলমান সামরিক কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল এবং বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ককে আরও জোরদার করবে। তাছাড়া এ অঞ্চলের দেশ নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার ও চীনের সঙ্গেও বাংলাদেশের সামরিক বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।এতে বলা হয়, বিএমএর পাসিং আউট ব্যাচের ক্যাডেটেরা প্যারেডের দিন দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রের সংবিধান ও জাতীয় পতাকার প্রতি আনুগত্য প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আর তাঁদের এ শপথবাণী পাঠ করান বিএমএতে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার। সেখানে রিভিউইং অফিসার প্রধান অতিথি হিসেবে প্যারেডের অভিবাদন গ্রহণ ও কিছু নির্ধারিত আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে থাকেন। কাজেই প্যারেড রিভিউইং অফিসার যে কেউ হোন না কেন, তাতে নবীন অফিসারদের দেশের প্রতি আনুগত্য পরিবর্তন হওয়ার প্রশ্নটি অবান্তর। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে পত্রিকাগুলোর জনমনে বিভ্রান্তি ছড়ানো সত্যিই দুঃখজনক।আইএসপিআরের এক প্রেসবিজ্ঞপ্তিতে আজ সেনাসদরের এই বক্তব্য দেওয়া হয়। বাসস।