ভারতীয় স্মৃতিতে তন্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি দেশের মিশ্র অনুভূতি তাঁর হূদয়ে। তিনি তন্ময় মিশ্র। তাঁর ব্যাটেই ভঙ্গুর কেনিয়া খোঁজে আশার আলো। ভারতের মুম্বাইয়ে জন্ম হলেও পরিবারের সঙ্গে কেনিয়ায় খুঁটি গেড়েছিলেন সেই ছোটবেলাতেই। কিন্তু এতগুলো বছরেও ভারতের সঙ্গে বিচ্ছেদ ঘটেনি।১৯৯০-এর শুরুর দিকে কেনিয়ায় পাড়ি জমায় তন্ময় মিশ্রর পরিবার। বাবার ব্যবসা ছিল সেখানেই। তবে কেনিয়ায় স্থায়ী হলেও মুম্বাইতেই বেড়ে উঠেছেন সবাই। মুম্বাইয়ের স্মৃতি অতটা মনে নেই মিশ্রর। বাক্স-পেটরা গুছিয়ে কেনিয়া যাত্রার কিছু স্মৃতি আবছা আবছা মনে পড়ে। তবে মায়ের কাছে শুনেছেন ৫-৬ বছর বয়সে বেশ সাবলীলভাবেই মারাঠি ভাষা বলতে পারতেন। মারাঠিতে এখন আর তেমন সড়গড় না হলেও বুঝতে পারেন ২৪ বছর বয়সী মিশ্র।কেনিয়ায় স্থায়ী হলেও লেখাপড়ার জন্য মুম্বাই এসেছিলেন। মুম্বাইয়ের একটি কলেজে ব্যবসায় ব্যবস্থাপনার কোর্স শেষ করে আবার ফিরে গেছেন কেনিয়ায়। মনোযোগ দিয়েছেন ক্রিকেটে। আসলে এই ক্রিকেট আর লেখাপড়াই মুম্বাইয়ের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছে। মুম্বাইয়ের যে ক্রিকেটার পুরো ক্রিকেটবিশ্বকে শাসন করছেন, সেই শচীন টেন্ডুলকারকেই রোল মডেল করে এগিয়েছেন তন্ময় মিশ্র। সে কথা স্বীকারও করেছেন অকপটে, ‘শচীন টেন্ডুলকারকে সবাই ভালোবাসে। আর সবার মতো আমিও তাঁকে আদর্শ ভেবেই বড় হয়েছি।’তবে বীরেন্দর শেবাগেরও দারুণ ভক্ত তন্ময় মিশ্র। টেন্ডুলকার-শেবাগের মতো খেলোয়াড়দের ব্যাটিং সব সময়ই ভালো লাগে তাঁর। আর কেনিয়ার ক্রিকেটারদের মধ্যে সেরা মনে করেন স্টিভ টিকোলোকে। তাঁর মতে, শুধু কেনিয়া নয়, টেস্ট না খেলা দলগুলোর মধ্যেও অন্যতম সেরা ব্যাটসম্যান টিকোলো।তবে রোল মডেল-প্রিয় ক্রিকেটার থাকলেও ব্যাটিংটা নিজের মতোই করতে চান এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘আমি কাউকে মডেল ভেবে ব্যাটিংয়ের চেষ্টা করিনি। কাউকে দেখে আপনি প্রভাবিত হতে পারেন, কিন্তু দিনশেষে আপনি আপনার মতোই। প্রত্যেকেরই নিজস্ব যোগ্যতা ও ক্ষমতা আছে। আমারও বিশ্বাস আছে নিজের প্রতি।’নিজের স্টাইলে ব্যাটিং করেই ৩২ ম্যাচে ৭৮৭ রান করেছেন মিশ্র। গড় ৩০.২৬ আর স্ট্রাইক রেট ৭২.০৬। দুর্দশাগ্রস্ত কেনিয়ার পক্ষে নিজের সেরাটাই ঢেলে দিচ্ছেন। কানাডার বিপক্ষে তাঁর হাফ সেঞ্চুরিতে ১৯৮ রানের পুঁজি পেয়েছিল কেনিয়া। কিন্তু দুর্বল বোলিংয়ের কারণে জয়ের স্বাদ পাওয়া হয়নি কেনিয়ার। একসময় বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল কেনিয়া। আর সেই কেনিয়া এখন হেরে যায় কানাডার কাছেও। মুম্বাইকে মনে রাখলেও এই বিশ্বকাপটাকে হয়তো ভুলতেই চাইবেন তন্ময় মিশ্র। ওয়েবসাইট।