পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকায় বিএসএফ বাংলাদেশি তরুণকে বিবস্ত্র করে নির্মমভাবে পেটানোয় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ওই নির্যাতনের পূর্ণ তদন্ত চালানোর পাশাপাশি সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের এ মনোভাব ভারতকে জানানো হয়েছে।এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশি তরুণকে নির্যাতনের ঘটনার পূর্ণ তদন্তের জন্য নির্দেশ দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফের স্থানীয় কমান্ডারকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের তরুণের নির্যাতনের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রাথমিক এক তদন্ত চালায়। ওই তদন্তে বিএসএফের হাতে বাংলাদেশি তরুণের নির্যাতনের সত্যতা নিশ্চিত হয়। এরপর ওই তদন্তের ভিত্তিতে বাংলাদেশ ভারতের কাছে নির্যাতনের প্রতিবাদ জানায়।ভারতের কাছে চিঠিতে বাংলাদেশ কঠোর ভাষায় ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি ওই নির্যাতনের বিস্তারিত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএসএফ সংযম পালন করবে বলে ভারতের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে সীমান্তে এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।বিএসএফের একটি দল এক বাংলাদেশি তরুণকে বিবস্ত্র করে নির্মমভাবে পেটাচ্ছে—এমন একটি ভিডিওচিত্র গতকাল বুধবার ফাঁস হয়। এর পরপরই এ ঘটনায় জড়িত অভিযোগে বিএসএফের আট সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।মুঠোফোনে ধারণ করা ওই ভিডিওচিত্র গতকাল ভারতের এনডিটিভিসহ কয়েকটি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর এ নিয়ে হইচই শুরু হয়। বিএসএফের কর্মকর্তারা ঘটনাটিকে ভয়াবহ ও অমানবিক হিসেবে বর্ণনা করে দ্রুত তদন্ত এবং দোষী জওয়ানদের কঠোর সাজা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিএসএফ বলছে, ঘটনাটি গত ৯ ডিসেম্বর ঘটেছে।ভিডিওচিত্রে দেখা গেছে, বিএসএফের কয়েকজন জওয়ান ওই তরুণকে প্রথমে আটক করে ঘুষ চান এবং পরে তাঁকে বিবস্ত্র করে তাঁর ওপর নির্মম অত্যাচার চালান। স্থানীয় সূত্রগুলো বলছে, নির্যাতিত ওই তরুণ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাঁর আনুমানিক বয়স ২২ বছর।