ভারতে অনেক নারী এখনো অন্ধকার যুগে
নারীর ক্ষমতায়নে ভারত যে অনেক দূর এগিয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীর দায়িত্ব পালনই এর প্রমাণ। উদাহরণ হিসেবে রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর নেপথ্য প্রযুক্তিবিদ টেসি টমাসের নাম উল্লেখ করা যায়।কিন্তু এর পরও ভারতের অনেক নারী পড়ে আছেন অন্ধকার যুগে, যেখানে সামাজিক অনিয়ম ও অনাচারের ঘেরাটোপে তাঁরা বন্দী। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতীয় নারীদের এই অধ্যায়টি তুলে ধরা হয়েছে।ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের অধিকাংশ নারীর জীবন এখনো নানা বাধা-বিপত্তি আর প্রতিকূলতায় ভরা। সমাজে তাঁদের অবস্থান সেই অন্ধকার যুগের নারীদের মতো।থমসন রয়টার্স ফাউন্ডেশনের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, জি-২০ দেশগুলোর মধ্যে ভারতের নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হন। এর পর রয়েছে সৌদি নারীরা। নারীরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কানাডায়। সমীক্ষায় ৩৭০ জন জেন্ডার বিশেষজ্ঞ জি-২০ দেশগুলোর নারীদের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবার মান, শারীরিক ও যৌন সহিংসতার হুমকি, রাজনীতিতে নারীর অবস্থানের পর্যায়, সম্পত্তিতে নারীর অধিকার।ভারতে নারীর প্রতি সহিংসতার শুরুটা কীভাবে হয়, মৃত্যু পর্যন্ত কীভাবে তা নারীর জীবনে জড়িয়ে থাকে—এ নিয়ে বেশ ভালো বলেছেন সিমির পাদিনজারেদিল। তিনি ম্যাপসফরএইড ডটকম নামে নারীর প্রতি সহিংসতা বন্ধে কাজ করছে—এমন একটি ওয়েবসাইট চালান। তাঁর ভাষ্য, ভারতে একজন নারীর বেঁচে থাকাটা বেশ অলৌকিক ব্যাপার। জন্মের আগেই একটি নারীশিশুর মৃত্যুর আশঙ্কা থাকে। ভারতের উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় কন্যাশিশুর ভ্রূণ হত্যা করার ঘটনা অহরহ ঘটছে। অনেক ক্ষেত্রে এই শিশু প্রাণে রক্ষা পেলেও নির্যাতন ও দুর্ভোগ থেকে রেহাই নেই। তার সামনে অপেক্ষা করে বাল্যবিয়ে, যৌতুক, শিক্ষা-স্বাস্থ্যসুবিধা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য, ধর্ষণ, পারিবারিক সহিংসতা ও পাচারের আশঙ্কা। অনেক সময় ‘অনার কিলিং’ নামে একধরনের হত্যার শিকারও হতে হয় তাদের।বিজ্ঞান-বিষয়ক সাময়িকী ল্যানসেটের ২০১১ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দশকে এক কোটি ২০ লাখ কন্যাশিশুকে ভ্রূণ অবস্থায় হত্যা করা হয়েছে। এতে অনেক এলাকায় নারী-পুরুষের অনুপাতে বৈষম্য দেখা দিয়েছে। এ বৈষম্য থেকে ধর্ষণ, মানবপাচার ও এক স্ত্রীর সঙ্গে বহুজনের সহবাসের মতো ঘটনা ঘটছে।বাল্যবিয়ের কারণে মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ছে। অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে নানা জটিলতায় আক্রান্ত হয় তারা। ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন উইমেনের হিসাবমতে, সন্তান জন্ম দেওয়ার সময় ভারতে প্রতি পাঁচজনে একজন নারী মারা যায়। অল্প বয়সী মায়েরা কম ওজন ও অপুষ্টিতে ভোগা সন্তানের জন্ম দেয়। এসব শিশু র অনেকেই পাঁচ বছরের কম বয়সে মারা যায়।সম্পত্তিতেও নারীর অধিকার কম ভারতে। ২০০৫ সালে আইন সংশোধন করে কৃষিভূমিতে নারীর সমান অধিকার নিশ্চিত করা হয়। তবে বাস্তবে এর প্রয়োগ প্রায় বিরল। মাত্র ১০ শতাংশ নারী কৃষিজমির মালিক। অথচ ভারতের গ্রামাঞ্চলে ৮৪ শতাংশ নারী কৃষিকাজে যুক্ত থাকে।ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো দাবি করেছে, ২০১০ সালে যৌতুকের জন্য প্রতি ঘণ্টায় একজন নারীর মৃত্যু হয়। বেশির ভাগ ক্ষেত্রে দুর্ঘটনার কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গল্প সাজানো হয়।নারীর প্রতি এ ধরনের সহিংসতা চলতে দেওয়া যায় না বলে মন্তব্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কান্দি কাটজুর। তিনি বলেন, এগুলো সাধারণ অপরাধ নয়, সামাজিক অপরাধ। কারণ এগুলো সমাজ ও দেশে বিপর্যয় ডেকে আনে।বর্তমানে দেশটির সরকার ও বিরোধী দলের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা আসীন। একদল চটপটে মেয়ে রাস্তায় মোটরবাইক চালিয়ে বেড়ায়। গাড়ি চালিয়ে কর্মক্ষেত্রে যায়। চিকিত্সক, আইনজীবী, পুলিশ, সরকারি কর্মকর্তাসহ অনেক গুরুত্ব ও সামাজিক নানা উদ্যোগের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে, কর্মক্ষেত্রে ও গ্রামীণ রাজনীতিতে নারীর অংশগ্রহণ বেড়েছে। একই সঙ্গে এর বিপরীত চিত্রটিও সমান্তরালে দৃশ্যমান।এ ব্যাপারে জাতিসংঘের নারীবিষয়ক কর্মকাণ্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের উপপরিচালক সুষমা কাপুর বলেন, এক ভারতে নারীর সমতা ও সমৃদ্ধি অর্জনের জন্য ব্যবস্থা আর অন্য ভারতের নারীদের কোনো পছন্দের সুযোগ নেই, প্রতিবাদ করার উপায় নেই, নেই কোনো অধিকারও।