ভারতে আগুনে পুড়ে শিশুসহ ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের আগ্রার থানা সদরের শিওলা জাত এলাকার একটি বাড়িতে গতকাল শুক্রবার দিবাগত রাতে আগুন লাগার ঘটনায় ছয় শিশুসহ ১০ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। আজ শনিবার পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে শিওলা জাত এলাকার তিনতলা ভবনটিতে আগুন লাগে। এতে দুই দম্পতি ও তাঁদের ছয় সন্তান জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। তাঁরা ভবনটির দ্বিতীয় তলায় থাকতেন। আগুন লাগার পর তাঁদের বের হয়ে আসার কোনো উপায় ছিল না। ভবনের নিচ তলায় বাড়ির মালিক ব্রজমোহন আগরওয়ালের একটি মুদি দোকান রয়েছে। তিনি তাঁর স্ত্রীসহ নিচেই থাকতেন। দুর্ঘটনার সময় তাঁরা সহজে বের হতে পেরেছেন।ভবনের অন্য বাসিন্দারা জানান, তাঁরা দোতলায় একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যেটা গ্যাস সিলিন্ডারের হতে পারে। তাঁদের দাবি, লোডশেডিং হওয়ায় ঘরে মোমবাতি জ্বলছিল। হয়তো মোমবাতির আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত। আগ্রার জেলা জজ অজয় কুমার চৌহান জানান, খবর পেয়ে রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু হয়। ওই ভবনের কাছের একটি বাড়ির দেয়াল ভেঙে ১০ জনের মৃতদেহ বের করে আনা সম্ভব হয়। মৃত ব্যক্তিরা সবাই ব্রজমোহন আগারওয়ালের আত্মীয়।