ভারতে আজ মুক্তি পেয়েছে ‘বীর’
দীর্ঘ প্রতীক্ষার পর নায়ক সালমান খানের কাহিনি নিয়ে নির্মিত ছবি বীর আজ মুক্তি পেয়েছে। ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ছবিটির কাহিনি সালমানে খানের নিজের। এটি পরিচালনা ও যৌথভাবে প্রযোজনা করেছেন যথাক্রমে অনিল শর্মা এবং বিজয় গালানি ও সুনীল এ লুলা। গুলজারের লেখা গানে ছবিটির সংগীত পরিচালনায় আছেন সাজিদ-ওয়াজিদ। ছবিতে বীর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান নিজে। সালমানের বাবার ভূমিকায় মিঠুন চক্রবর্তী আর তাঁর ভাই সোহেল করেছেন পুণ্য চরিত্রটি। এ ছাড়া ছবিতে নবাগত জেরিন খান ছাড়াও দেখা যাবে জ্যাকি শ্রফকে। ছবির দৈর্ঘ্য ১৫৫ মিনিট।কাহিনি সংক্ষেপ: বীর একই সঙ্গে ঐতিহাসিক ও প্রেমকাহিনি। ব্রিটিশরা যখন ভারত মহাদেশে তাদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে শাসন চালাচ্ছিল তখন ষড়যন্ত্রের শিকার হয়ে ভারতের বিভিন্ন রাজ্যের রাজারা একে একে তাদের রাজ্যগুলো ওদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছিল। একমাত্র পিন্ডারি রাজ্যের রাজা পৃথ্বী সিং (মিঠুন চক্রবর্তী) ব্রিটিশদের এ ষড়যন্ত্র বুঝতে পেরে ‘প্রাণের চেয়ে মান বড়’ নীতিতে অটল ছিলেন। আর ওই রাজ্যের বীর হলেন সালমান খান। সালমানকে ব্রিটিশদের সঙ্গে লড়তে হয়। তাঁকে অপর রাজ্য মাধবগড়ের প্রতিহিংসাপরায়ণ রাজার সঙ্গেও লড়াই করতে হয়। তবে সেখানে বাধ সাধে তাঁর প্রেম। কারণ, মাধবগড়ের রাজকন্যা যশোধারা তাঁর স্বপ্নের রানি। এখন সালমান কি তাঁর প্রেমের দিকে তাকিয়ে নিজের আত্মগৌরব বিসর্জন দেবেন, নাকি নিজের কর্তব্যবোধের প্রতি অটল থাকবেন? দেখা যাক বক্স অফিস কী বলে? সূত্র: ইন্টারনেট