ভারতে আটক বাংলাদেশিদের ফেরাতে ব্যর্থতা কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ছয় সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব ও পররাষ্ট্রসচিব করে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।রুলে ভারতের কারাগারে আটক এসব বন্দীকে দেশে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। একই সঙ্গে ভারতের বিভিন্ন কারাগারে আটক এসব বন্দীর তথ্যসংবলিত প্রতিবেদন ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কারাগারে আটক বন্দীদের ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে গত বৃহস্পতিবার আসক রিট আবেদনটি করে। গতকাল সোমবার এর শুনানি হয়।আদালতে আসকের পক্ষে আবেদনের আইনজীবী সাইফুর রশিদ ও অবন্তী নূরুল মামলা পরিচালনা করেন। এ ব্যাপারে অবন্তী নূরুল প্রথম আলোকে বলেন, পত্রিকায় প্রকাশিত খবরে দেখা যায়, ২০০ জনেরও বেশি বন্দী ভারতের বিভিন্ন কারাগারে আটক আছেন। তাঁদের অধিকাংশেরই সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তাঁরা দেশে ফিরতে পারছেন না। এ ব্যাপারে কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলা দেখা যায়। এসব বন্দীকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে এবং বন্দীর সংখ্যা ও বৃত্তান্ত প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশনা চেয়েই রিটটি করা হয়।