ভারতে আত্মহত্যা বাড়ছে
ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। নারীর চেয়ে পুরুষের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে। তবে তরুণ সমাজে নারীরা এই অঘটন বেশি ঘটাচ্ছে। নারী-পুরুষ-নির্বিশেষে শিক্ষিত সমাজে আত্মহত্যার প্রবণতা বেশি।ভারতে জাতীয় পর্যায়ে এই প্রথম চালানো মৃত্যুবিষয়ক প্রথম সমীক্ষার ফলাফলে এই তথ্য পাওয়া যায়। আজ শুক্রবার যুক্তরাজ্যের চিকিত্সা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।ত্টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সমীক্ষার ফলাফল অনুযায়ী ভারতে তরুণ সমাজে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আত্মহত্যা।প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও কেরালা—ভারতের দক্ষিণাঞ্চলীয় এই চার রাজ্যে দেশটির মোট জনসংখ্যার ২২ শতাংশ মানুষ বাস করে। ২০১০ সালে চালানো সমীক্ষার ফলাফলের তথ্য অনুযায়ী, সারা দেশের পুরুষদের আত্মহত্যার ঘটনায় ওই চার রাজ্যই দখল করে আছে ৪২ শতাংশ। নারীদের আত্মহত্যার ঘটনার মধ্যে ওই চার রাজ্যের হার ৪০ শতাংশ। এর বাইরে শতকরা ১৫ ভাগ আত্মহত্যার ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে। আত্মহত্যার হার সবচেয়ে কম দিল্লিতে।সামগ্রিকভাবে ভারতে নারীর চেয়ে পুরুষের আত্মহত্যার প্রবণতা বেশি। তবে তরুণ বয়সে আত্মহত্যা করার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে।১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে পুরুষের হার ৪০ শতাংশ। অন্যদিকে নারীদের ক্ষেত্রে এই হার ৫৬ শতাংশ। আত্মহত্যা করা নারীদের গড় বয়স ২৫ ও পুরুষদের ৩৪।সমীক্ষার ফলাফলে দেখা যায়, শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। মাধ্যমিক শেষ করা বা উচ্চশিক্ষা নেওয়া পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রাথমিক শিক্ষার গণ্ডি পার না হওয়া ব্যক্তিদের তুলনায় ৪৩ শতাংশ বেশি। অন্যদিকে নারীর ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা ৯০ শতাংশ পর্যন্ত বেড়েছে।গবেষক দলের প্রধান অধ্যাপক বিক্রম প্যাটেল টাইমস অব ইন্ডিয়াকে জানান, ২০১০ সালে ভারতে ১ লাখ ৮৭ হাজার লোক আত্মহত্যা করে। এর প্রায় অর্ধেক ঘটেছে বিষ পান করে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করাদের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। মোট আত্মহত্যার ৬ শতাংশের এক শতাংশ ঘটেছে গায়ে আগুন ধরিয়ে।বিক্রম প্যাটেল বলেন, সামগ্রিকভাবে ভারতে নারীদের চেয়ে পুরুষেরা বেশি আত্মহত্যা করছে। গবেষণায় দেখা গেছে, নারীর আত্মহত্যার অন্যতম কারণ তাদের ওপর সহিংসতা বা বিষাদগ্রস্ত হওয়ার মতো মানসিক বিপর্যয়।