ভারতে আবারও বাড়ল পেট্রলের দাম
ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলো পেট্রলের দাম বাড়িয়েছে।দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, আজ শনিবার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি প্রতি লিটার পেট্রল দাম ২ দশমিক ৫০ রুপি থেকে ২ দশমিক ৫৪ পর্যন্ত বাড়িয়েছে। এ নিয়ে ভারতে এক মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল পেট্রলের দাম।তেল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সবচেয়ে বড় খুচরা তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন আজ মধ্য রাত থেকেই প্রতি লিটারে পেট্রলের দাম ২ দশমিক ৫০ রুপি বাড়াবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) লিটারপ্রতি পেট্রলের দাম বাড়াবে ২ দশমিক ৫৪ রুপি। আর ২ দশমিক ৫৩ রুপি হারে পেট্রলের দাম বাড়াবে ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল)।এই তিনটি প্রতিষ্ঠানই গত বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর পেট্রলের দাম ২ দশমিক ৯৪ রুপি থেকে ২ দশমিক ৯৬ রুপি পর্যন্ত বাড়িয়েছিল, যা ছিল গত ছয় মাসের মধ্যে পেট্রলের সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি।দিল্লিতে বর্তমানে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের পেট্রলের দাম ৫৫ দশমিক ৮৭ রুপি প্রতি লিটার, যা কাল রোববার থেকে বিক্রি হবে ৫৮ দশমিক ৩৭ রুপিতে। আর এইচপিসিএল ও বিপিসিএল বিক্রি করবে ৫৮ দশমিক ৩৯ রুপি প্রতি লিটার।আন্তর্জাতিক বাজারে এখন ব্যারেলপ্রতি পেট্রলের মূল্য বেড়ে হয়েছে ৯২ ডলার। এই কারণেই পেট্রলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দ্য হিন্দুস্তান টাইমস।