ভারতে আরও তিন মন্ত্রীর পদত্যাগ
ভারতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা রদবদলের আগে আজ শনিবার পদত্যাগ করেছেন আরও তিন মন্ত্রী। মনমোহন সরকারের মন্ত্রিসভায় আগামীকাল রোববার রদবদলের কথা রয়েছে।‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি এবং পর্যটনমন্ত্রী সুবোধ কান্ত সহায় আজ সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিষয়ক প্রতিমন্ত্রী মহাদেব খান্ডালা।এর আগে গতকাল শুক্রবার পদত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রী মুকুল ওয়াসনিক। আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ সালে লোকসভার নির্বাচনের আগে এটাই হতে পারে মন্ত্রিসভার শেষ রদবদল।রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র ভেনু রাজামনি জানান, রোববার বেলা সাড়ে ১১টায় মন্ত্রিসভার রদবদলের ঘোষণা দেওয়া হবে।মুকুল ওয়াসনিক আজ সকালে মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’এস এম কৃষ্ণা বলেছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং যাতে তাঁর মন্ত্রিসভায় রদবদলের কাজটি সহজে করতে পারেন, এ জন্যই তিনি পদত্যাগ করেছেন।সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মন্ত্রিসভায় অপেক্ষাকৃত তরুণ কয়েজন রাজনীতিবিদের জায়গা হতে পারে। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে বড় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।