ভারতে একাত্তরের মুক্তিযুদ্ধের নথিপত্র ধ্বংস করা হয়েছে
ভারতের সামরিক বাহিনীর কাছে থাকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এবং ভারত-পাকিস্তান যুদ্ধসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস করা হয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় গতকাল রোববার প্রকাশিত ‘ট্রুথ লস্ট? মোস্ট মিলিটারি রেকর্ডস অব বাংলাদেশ ওয়ার মিসিং’ শিরোনামে এক নিবন্ধে এ কথা বলা হয়েছে।পত্রিকাটির দাবি, ধ্বংস করে ফেলা নথিপত্রের মধ্যে ছিল যুদ্ধের সময় তৈরি করা মুক্তিবাহিনী গঠনের ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর পর্যালোচনা ও প্রশংসাসংবলিত দলিল, যুদ্ধ পরিচালনার পরিকল্পনা ও অন্যান্য স্পর্শকাতর তথ্যসংবলিত বিভিন্ন দলিল। সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এসব দলিল রক্ষিত ছিল। কিন্তু ১৯৭১ সালে যুদ্ধ শেষ হওয়ার পরপরই তা ধ্বংস করে ফেলা হয়। এত দিন পর্যন্ত এই তথ্য গোপন ছিল।পূর্বাঞ্চলীয় কমান্ডের সাবেক দুজন প্রধান ও সামরিক বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত জেনেবুঝেই নথিগুলো ধ্বংস করা হয়েছে। তাঁরা জানান, ভারতীয় সেনা-বাহিনীর পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা যখন পূর্বাঞ্চলীয় কমান্ডের দায়িত্বে ছিলেন, সম্ভবত তখনই ওই নথিগুলো ধ্বংস করা হয়। নথিপত্র নিখোঁজ হওয়ার এই খবর সম্প্রতি জানা গেছে মুক্তিবাহিনীর বিষয়ে কিছু তথ্য খুঁজতে গিয়ে। বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে এসব তথ্য খোঁজা হচ্ছিল। ভারতের বিভিন্ন স্থানে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের জন্য প্রশিক্ষণ শিবির স্থাপন করে সেখানে তাঁদের যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিলেন ভারতীয় সেনা কর্মকর্তারা।সামরিক বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা মুক্তিবাহিনীর ক্যাম্পগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য খুঁজছিলাম। আমরা জানতে চেয়েছিলাম যে কোথায় কোথায় ক্যাম্পগুলো বসানো হয়েছিল, কারা দায়িত্বে ছিলেন ইত্যাদি। এ ব্যাপারে বিস্তারিত নথি পাওয়া না যাওয়ায় ওই সময়কার যুদ্ধসংক্রান্ত নথিপত্রের খোঁজ পড়ে। এর পরই আমরা জানতে পারি সব দলিলপত্র ধ্বংস হয়ে গেছে।’একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (অব.) জে আর জ্যাকব একাত্তরের মুক্তিযুদ্ধের এসব মূল্যবান দলিল নষ্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন।এ ব্যাপারে জানতে চাওয়া হলে জ্যাকব বলেন, ‘১৯৭৪ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় কমান্ডের দায়িত্ব নেওয়ার পর আমি ওই সব নথিপত্র দেখতে চাইলে আমাকে জানানো হয় যে সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে।’ তবে কার নির্দেশে সেগুলো ধ্বংস করা হয়েছে, তা নিয়ে কথা বলতে রাজি হননি তিনি।ঊর্ধ্বতন একজন সামরিক কর্মকর্তা জানান, ভারতীয় সামরিক বাহিনীর সদর দপ্তরে এবং সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগে হয়তো যুদ্ধ-সম্পর্কিত কিছু তথ্য সংরক্ষিত রয়েছে। কিন্তু এ ব্যাপারে পুরো চিত্রটি আর কখনোই হয়তো পাওয়া যাবে না।