ভারতে ওষুধের স্বত্ব মামলায় নোভারটিসের হার
ক্যানসারের একটি ওষুধের স্বত্ব দাবি করে সুইস ওষুধ নির্মাতা ‘নোভারটিস এজি’ ভারতের সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল, সেটি আজ সোমবার খারিজ করে দিয়েছেন আদালত।বিশ্লেষকেরা বলছেন, ফাইজার ইনকরপোরেশন ও রোশ হোল্ডিং এজির মতো যেসব পশ্চিমা ওষুধ কোম্পানি ভারতে বাজার প্রসারের চেষ্টা করছিল, এ রায়ের মধ্য দিয়ে তাদের পরিকল্পনা বড় ধরনের হোঁচট খেল। রয়টার্স জানায়, সুপ্রিম কোর্ট তাঁর যুগান্তকারী রায়ে বলেন, ক্যানসার নিরাময়ে ব্যবহূত নোভারটিসের ‘গ্লিভেক’ নামের ওষুধটি ভারতীয় ওষুধ আইন অনুযায়ী স্বত্ব পেতে প্রয়োজনীয় মান অর্জনে ব্যর্থ হয়েছে। নোভারটিস ২০০৬ সাল থেকে ভারত সরকারের কাছে ওষুধটির স্বত্ব দাবি করে আসছে। প্রতিষ্ঠানটি বলছে, ভারতীয় ওষুধ কোম্পানিগুলো ওই ওষুধটি নকল করে বাজারজাত করছে।কিন্তু আদালত সাফ জানিয়ে দিয়েছে, নোভারটিস যে ওষুধটির স্বত্ব দাবি করছে, সেটির মধ্যে ‘নতুনত্ব বা নব-আবিষ্কারের কোনো বিষয়’ নেই। তাই ভারতীয় আইনে নোভারটিস সেটির স্বত্ব পেতে পারে না।ভারতের আইন অনুযায়ী, প্রচলিত ওষুধের চেয়ে খুব বেশি উন্নত বা আলাদা নয় এমন কোনো নতুন ওষুধ স্বত্ব পেতে পারে না। নোভারটিস ২০০৯ সালে এ আইন চ্যালেঞ্জ করে মামলা করেছিল। আদালতের এ রায়ে ভারতের সবচেয়ে সুবিধা হবে সিপলা লিমিটেড ও ন্যাটকো ফার্মা লিমিটেডের। এ দুটি প্রতিষ্ঠান ভারতের বাজারে ‘গ্লিভেক’-এর মূল (জেনেরিক) ওষুধটি বাজারজাত করে থাকে। সিপলা লিমিটেডে ওপেনহেইমার ডেভেলপিং মার্কেটস ফান্ড ও ভার্চুস ইমারজিং মার্কেটস অপরচুনিটিস ফান্ডের শেয়ার আছে। তবে ভারতীয় কোম্পানিগুলোর তৈরি ওষুধটির দাম নোভারটিসের ওষুধটির চেয়ে প্রায় দশ গুণ কম।এমকে গ্লোবাল নামের একটি দালালি প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা বিশ্লেষক দীপক মালিক বলেন, ‘ভারতে ব্যবসা করতে হলে বহুজাতিক কোম্পানিগুলোর নতুন পথ খুঁজতে হবে।’ তিনি বলেন, নতুন উপায় হিসেবে বহুজাতিক কোম্পানিগুলো স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে স্বত্ব চুক্তি করার মাধ্যমে কম দামে ওষুধ সরবরাহ করে বাজার দখলের চিন্তা করতে পারে। রায়ের পর নোভারটিস এক বিবৃতিতে বলেছে, ভারতীয় আইনে ‘সম্পত্তির মেধাস্বত্ব অধিকার খুব কম রক্ষিত হয়েছে’।ভারতের স্বাস্থ্যকর্মীরা সস্তায় ওষুধ সরবরাহের দাবি জানিয়ে আসছেন। দেশটিতে স্বত্বসংবলিত ওষুধের দাম খুব চড়া এবং এ কারণে দেশটির প্রায় ১২০ কোটি জনগণের অধিকাংশই এসব ওষুধ কিনতে পারে না। জনগণের ৪০ শতাংশের দৈনিক আয় সোয়া এক ডলারের কম। দেশটির বাজারে যেসব ওষুধ বিক্রি হয়, সেগুলোর মাত্র ১০ শতাংশের স্বত্ব আছে।নোভারটিস বলছে, ভারতের প্রায় ১৬ হাজার মানুষ গ্লিভেক ওষুধটি ব্যবহার করে, তবে তাদের একটি বড় অংশকে ওষুধটি সরবরাহ করা হয় বিনা পয়সায়। ভারতের ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলোর হিসাব বলছে, গ্লিভেকের মূল ওষুধটি যা ভারতীয় কোম্পানিগুলোর তৈরি, প্রায় তিন লাখ রোগী ব্যবহার করে। ন্যাটকো ফার্মার সচিব এম আদিনারান্ন বলেন, ‘যে রোগীরা এই ওষুধ ব্যবহার করে, তাদের ও সরকারের জন্য এটি একটি বড় জয়।’রায়ের পর মুম্বাইয়ের শেয়ারবাজারে নোভারটিসের শেয়ারের দাম ছয় দশমিক আট শতাংশ কমে গেছে। বিপরীতে ন্যাটকো ফার্মার শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশ এবং সিপলার বেড়েছে আড়াই শতাংশ। বিশ্বে ওষুধের বাজারের দেশ হিসেবে ভারতের অবস্থান ১৪তম। প্রতিবছর সেখানে ওষুধের চাহিদা গড়ে ১৩-১৪ শতাংশ করে বাড়ছে।