ভারতে কঠোর হচ্ছে ধর্ষণের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের জন্য কঠোর শাস্তির বিধান রেখে ভারতে নতুন অধ্যাদেশ জারি করা হবে। ২১ ফেব্রুয়ারি থেকে ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনের আগেই সরকার অধ্যাদেশটি জারি করতে চাইছে।গতকাল শুক্রবার অধ্যাদেশ জারির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি পেলে অধ্যাদেশটি জারি হবে। সম্প্রতি ভারতে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকার ধর্ষণসংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যে সাবেক প্রধান বিচারপতি কে এস ভার্মার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। কমিশন সরকারের কাছে সুপারিশমালা পেশ করেছে। এর ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার ধর্ষণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংশোধিত আইনে ধর্ষণের সংজ্ঞাও পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, ধর্ষণের বদলে ব্যবহার হবে ‘যৌন নিপীড়ন’ । সংশোধিত আইনের আওতায় সব ধরনের নারী নিপীড়নের অপরাধে শাস্তির বিধান রাখা হবে। প্রস্তাবে বলা হয়, ধর্ষণের ঘটনা মারাত্মক ও নৃশংস প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ভার্মা কমিশন ধর্ষণের চরম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের সুপারিশ করেনি। সংশোধিত আইনের আওতায় অ্যাসিড ছোড়াসহ সব ধরনের নারী নির্যাতনের জন্য শাস্তির বিধান রাখা হবে।