পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এক গোপন বৈঠকের তথ্য ফাঁস করেছে উইকিলিকস। এতে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের বৈঠকের সময় বুদ্ধদেব স্বীকার করেছিলেন, পুরোনো চিন্তাভাবনা ত্যাগ করতে না পারলে ভারতে কমিউনিস্টদের ভবিষ্যত্ অন্ধকার। কলকাতার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো উইকিলিকসের তারবার্তায় এ কথা বলা হয়েছিল। গত শনিবার ভারতের একটি প্রভাবশালী জাতীয় ইংরেজি দৈনিকে এ তথ্য প্রকাশিত হয়েছে। ২০০৯ সালের ১৩ অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোমারের সঙ্গে এক বৈঠক করেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই বৈঠকেই বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেন, নীতি না বদলালে দলের অবস্থা খারাপের দিকেই যাবে। এ ছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্য ওই কূটনীতিককে অনুরোধ করেছিলেন, পশ্চিমবঙ্গে যাতে মার্কিন পুঁজি বিনিয়োগ হয়, সে ব্যাপারে যেন তিনি উদ্যোগী হন। এ ছাড়া শিক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান যেন স্বতন্ত্র পরিচিতি নিয়ে প্রবেশ করে, সে ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন। যদিও সিপিএম বরাবরই শিক্ষা ক্ষেত্রে বিদেশি পুঁজি বিনিয়োগের বিরোধী। উইকিলিকসে আরও বলা হয়, টিমোথির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় ৭৫ মিনিট আলোচনা করেন। সেখানেই তিনি স্বীকার করেন, বামপন্থীদের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন দেখা দিয়েছে। অর্থাত্ বুদ্ধদেব ভট্টাচার্য বোঝাতে চেয়েছেন, বিশ্বায়নের সঙ্গে সঙ্গে বামপন্থীদেরও পুরোনো ধ্যানধারণা বদলানো উচিত।