ভারতে কয়েক হাজার অনুসারীকে নিয়ে গুরু রামদেবের আমরণ অনশন
ভারতে আলোচিত যোগ ব্যায়াম গুরু স্বামী রামদেব ও তাঁর কয়েক হাজার অনুসারী আজ শনিবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন। এই অনশনের মাধ্যমে তাঁরা ভারতে দুর্নীতিগ্রস্ত ও কালোটাকার মালিকদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। দিল্লির রামলীলা ময়দানে এ কর্মসূচি শুরু হয়েছে। বার্তা সংস্থা পিটিআই তাদের অনলাইনে জানিয়েছে, অনশনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী স্বামী সাধ্বী ঋতাম্বরাসহ শিখ, জৈন ও মুসলিম সম্প্রদায়ের অনেক ধর্মীয় নেতাও অংশ নিচ্ছেন।একই দাবিতে রামদেবের অনুসারীরা ওডিশা রাজ্য ও মুম্বাই শহরেও অনশন শুরু করেছেন।গতকাল শুক্রবার কেন্দ্রীয়মন্ত্রী কপিল সিবালসহ কংগ্রেস নেতারা রামদেবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও এ কর্মসূচি প্রত্যাহারে রাজি করাতে পারেননি।অনশনকারীরা আজ ভোর সাড়ে চারটার দিকে ময়দানে জড়ো হন। অনশন শুরুর আগে রামদেব প্রথমে যোগ ব্যায়ামের অনুশীলন করান এবং ভজন গানের আয়োজন করা হয়। রামদেব বলেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব। আমরা এ আন্দোলনে পরাজিত হব না। দেশকে দুর্নীতি থেকে রক্ষা এবং দরিদ্র মানুষের উন্নত জীবন নিশ্চিত করতেই এ কর্মসূচি।’রামদেবের অনুসারী ও পাঞ্জাবের সরকারি চাকুরে বলবিন্দর সিং বলেন, সেই ১৯৪৭ সাল থেকে আমাদের নেতারা ব্যর্থ হয়ে আসছেন। তাঁরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু আমরা এখনো দারিদ্র্যের মধ্যে বসবাস করছি। গুটিকয়েক ব্যক্তি ধনী হয়েছেন। রামদেবের এই কর্মসূচি ভারতের বেসরকারি গণমাধ্যমগুলোয় ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অনশন মাঠে বিশাল টেলিভিশন স্ক্রিনে রামদেবের মেডিটেশন সেশন ও বক্তৃতা প্রচার করা হচ্ছে। অনশনে অংশগ্রহণকারীরা দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দাবি করেছেন।রামদেবের সমালোচকেরা বলছেন, উগ্র হিন্দু জাতীয়বাদী সংগঠনের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, রামদেব এ অনশনের জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা করেছেন। এক দরিদ্র ও নিরক্ষর পরিবারে জন্মগ্রহণকারী রামদেব যোগ ব্যায়ামের অনুশীলন শিখিয়ে ভারতে লাখ লাখ ভক্ত তৈরি করেছেন। এখন তিনি ধনকুবের এবং চার কোটি ডলারের এক বিশাল ব্যবসার মালিক। তিনি একজন বিখ্যাত টেলিভিশন ব্যক্তিত্বও। প্রায় তিন কোটি দর্শক নিয়মিত তাঁর অনুষ্ঠান দেখে। তিনি নিজের বিমানে চলাফেরা করেন। রয়টার্স জানিয়েছে, স্কটল্যান্ডে ‘পিস’ নামে একটি দ্বীপেরও মালিক রামদেব।