ভারতে কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন রোধে নতুন আইন
ভারতে কর্মক্ষেত্রে নারীদের যৌন নিপীড়ন রোধে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় একটি নতুন আইন পাস হয়েছে। বাড়িতে ও অফিসে কর্মরত পরিচারিকাদেরও এই আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইনটি রাজ্যসভায় পাস হয়।আইনে বলা হয়েছে, কর্মক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বা অশ্লীল ছবি দেখানো যৌন হয়রানি বলে বিবেচিত হবে। এ বিষয়ে অভিযোগ দায়েরের ৯০ দিনের মধ্যে অভিযোগটি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কোনো সংস্থা যদি এই অভিযোগ নিষ্পত্তি করতে বিলম্ব ঘটায়, তবে তাদের ৫০ হাজার রুপি জরিমানা করা হবে। আইনটি পাসের পর ভারতের কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী কৃষ্ণা তিরথ বলেছেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন এ আইনটি প্রণয়ন করা হয়েছে। এর আগে এ আইনটি বিল আকারে লোকসভায় পাস হয়।