ভারতে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে এগিয়ে গুজরাট
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যাপারে ভারতের ৩৫টি রাজ্যের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে গুজরাট। এক হিসাবে দেখা গেছে, ওই রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলো আট লাখ ৩০ হাজার পদের বিপরীতে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার মানুষের চাকরির ব্যবস্থা করেছে।ভারতের শ্রমমন্ত্রী মাল্লিকার্জুন খারগি রাজ্য সভাকে বলেছেন, ভারতের সব রাজ্যের মধ্যে গুজরাটই মানুষকে চাকরি দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা দেখিয়েছে। তিনি আরও বলেন, গুজরাটে ২০০৭ সালে এক লাখ ৭৮ হাজার, ২০০৮ সালে দুই লাখ ১৭ হাজার এবং ২০০৯ সালে এক লাখ ৫৩ হাজার কর্মীর চাকরির ব্যবস্থা করেছে।পুরো ব্যাপারটিই হয়েছে, কর্মসংস্থান বিনিময় কৌশলের মাধ্যমে। কর্মসংস্থান বিনিময় কৌশলে একটি নির্দিষ্টসংখ্যক সরকারি পদে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে। সাধারণত সরকারি নিম্নপদগুলোয় এ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়ে থাকে।কর্মসংস্থান বিনিময় কৌশলের আওতায় রাজ্যের জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টির তালিকায় গুজরাটের পরেই রয়েছে মহারাষ্ট্রের অবস্থান। এ ছাড়া কর্মস্থান সৃষ্টিতে সাফল্যের তালিকায় আরও রয়েছে, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও কেরালা।বামপন্থী রাজ্য সরকার শাসিত পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সংখ্যক মানুষ কর্মসংস্থান বিনিময় কৌশলের আওতায় চাকরি পেতে আবেদন করলেও এ রাজ্যে কর্মসংস্থান সৃষ্টির হার তেমন সন্তোষজনক নয় বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে ২০১০ সালের মে মাস পর্যন্ত মোট ৬৪ লাখ মানুষ কর্মসংস্থান বিনিময় কৌশলের আওতায় চাকরি পাওয়ার জন্য আবেদন করেছে। সারা ভারতে এ সময় পর্যন্ত এই কৌশলের আওতায় চাকরি পাওয়ার জন্য আবেদন করেছে তিন কোটি ৮০ লাখ মানুষ।—টাইমস অব ইন্ডিয়া