ভারতে গণধর্ষণ মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে সংঘটিত গণধর্ষণ মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচারকাজ দ্রুতবিচার আদালতে শুরু হয়েছে। মামলায় অপর অভিযুক্ত, যার বয়স ১৭ বছর বলে ধারণা করা হচ্ছে, তার বিচার অন্য একটি কিশোর আদালতে শুরু হবে।আল জাজিরা জানায়, আজ সোমবার জেলা আদালত থেকে বিশেষ একটি আদালতে মামলাটি স্থানান্তরের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। বিবাদীপক্ষের আইনজীবী ভি কে আনন্দ জানান, বিবাদীপক্ষের আইনজীবীদের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট গণধর্ষণের এই মামলা দ্রুতবিচার আদালতে স্থানান্তর করতে সম্মত হন।আল জাজিরা জানায়, গত মঙ্গলবার অভিযুক্ত মুকেশ সিংয়ের আইনজীবী এম এল শর্মার আবেদনের শুনানির পর এ সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট। আইনজীবী শর্মা আদালতে বলেন, ‘ঘটনাটি যে শহরে ঘটেছে, ওই শহরে ন্যায়বিচার পাওয়া তাঁর মক্কেলের পক্ষে সম্ভব হবে নয়।’ এ সময় বিবাদীপক্ষের আইনজীবীরা বলেন, তাঁরা মক্কেলদের নিরপরাধ হিসেবে বিবেচনার আবেদন জানাবেন। এ ছাড়া স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের নির্যাতন করছে বলে অভিযোগ করেন ওই আইনজীবীরা। তবে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ডিএনএ পরীক্ষায় ওই গণধর্ষণের ঘটনার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সম্পৃক্ততার আলামত পাওয়া গেছে। এ ছাড়া তাদের কাছে ওই সময়ের ঘটনা সম্পর্কে মৃত্যুর আগে হাসপাতালে দেওয়া মেয়েটির বক্তব্য ও ছেলেবন্ধুটির দেওয়া সাক্ষ্য রয়েছে। গণধর্ষণের ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান চেয়ে রাষ্ট্রপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী রাজীব মোহন বলেন, ‘আমাদের কাছে সব অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে।’গত বছরের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী ওই মেডিকেল-ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটানো হয় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদার জং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিত্সার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ২৭ ডিসেম্বর তাঁকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৯ ডিসেম্বর স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে মারা যান তিনি।