ভারতে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ
ভারতের উত্তরবঙ্গ, পূর্ববিহার ও আসাম রাজ্যে মঙ্গলবার রাতের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০-এ দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে ২০০ জন। তবে ঘূর্ণিঝড়ের পর বেশ কিছু প্রত্যন্ত এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলীপুরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক জি সি দেবনাথের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ৮০ থেকে ১২০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ওই ঘূর্ণিঝড়ে বিহারের আরারিয়া, পূর্ণিয়া, কাতিহার ও কিশানগঞ্জ জেলা এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় এক লাখেরও বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, প্রচণ্ড ঝড়ে কাঁচা ও টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে উত্তর দিনাজপুরে ৩৮ জন; বিহারের আরারিয়া, পূর্ণিয়া, কাতিহার ও কিশানগঞ্জে কমপক্ষে ৬৯ জন; দাগারওয়ায় সাতজন ও আসামের ধুবরি জেলার মানকাচরে চারজন নিহত হয়েছে। এসব এলাকায় অনেক গবাদিপশুও মারা গেছে।পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোর্তাজা হোসাইন জানান, ২০ হাজার মোটা কাপড়, শুকনো খাবার ও সাধারণ কাপড় ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে।বিহার রাজ্যের এক কর্মকর্তা জানান, বিহারের আরারিয়া জেলায় একটি জেলখানার ৫০ ফুট উঁচু দেয়াল ধসে পড়ায় ৬৫০ জন কয়েদিকে আরারিয়া থেকে পূর্ণিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।