ভারতে চলন্ত বাসে ধর্ষণ, এবার শিকার শিশু
ভারতের চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটছেই। গত এক মাসে দেশটির রাজধানী নয়াদিল্লির পর বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে এমন ঘটনা ঘটল। এ ছাড়া সম্প্রতি বাস থেকে জোর করে নামিয়ে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে এক মেডিকেল-ছাত্রী চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন। চিকিত্সার পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরে তাঁর মৃত্যু হয়। এর রেশ না কাটতেই আবারও চলন্ত বাসে ধর্ষণ। তবে এবার ঘটনাস্থল মুম্বাই। গত মঙ্গলবার মুম্বাইয়ের সুবুরবান জুহু এলাকায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। নার্সারির ছাত্রী ওই শিশুর ধর্ষক বাসের কন্ডাকটর। তার নাম রমেশ রাজপুত। মুম্বাইয়ের পুলিশ কমিশনার সত্যপাল সিংয়ের বরাত দিয়ে আজ শনিবার এনডিটিভির এক খবরে এ কথা বলা হয়েছে।তবে আশার কথা হলো, বৃহস্পতিবার ৩৫ বছর বয়সী ওই বাসের কন্ডাকটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুলবাসে করে ওই শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় এ ঘটনা ঘটে। বাড়ি পৌঁছার সময় ওই ছাত্রী ছিল স্কুলবাসের শেষ যাত্রী। রমেশের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।এদিকে ২০১১ সালের চেয়ে ২০১২ সালে ভারতে ধর্ষণের ঘটনা বেড়েছে বলে এক খবরে বলা হয়েছে। ২০১২ সালে ৭০৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা এর আগের বছরের চেয়ে ২৩ দশমিক ৪৩ শতাংশ বেশি। ২০১১ সালে ৫৭২টি ধর্ষণের ঘটনা ঘটে। আজ দিল্লি পুলিশ এসব তথ্য জানায়।