ভারতে চামড়া পাচারকালে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ৬৫টি পশুর চামড়াসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বাঁকাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার আলীপুর গ্রামের মো. ফয়জুল ইসলাম ও মাহমুদপুর গ্রামের মো. মিলন এবং দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মো. ইশারত আলী।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহিম বলেন, ভারতে চামড়ার দাম বেশি হওয়ায় এবার ঈদে কোরবানির পশুর চামড়া সে দেশে পাচার হতে পারে—এ আশঙ্কায় ভারত সীমান্তবর্তী এলাকায় পাঁচটি স্থানে বিশেষ টহলচৌকি বসানো হয়েছে। শনিবার রাতে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পশুর চামড়া ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে ভ্যানটি বাঁকাল এলাকায় পৌঁছালে পুলিশ এটি আটক করে ৬৫টি পশুর চামড়া জব্দ করে। এ সময় ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে।