ভারতে চালু হচ্ছে ‘ওপেন বুক’ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চলতি বছর থেকে নবম, দশম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য ‘ওপেন বুক’ পরীক্ষা নামে একটি বিশেষ পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই গৃহীত ‘ওপেন বুক’ পরীক্ষা পদ্ধতি ভারতের মাধ্যমিক শিক্ষা স্তরে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারবে। আগামী বছর দ্বাদশ শ্রেণীতেও ‘ওপেন বুক’ পরীক্ষা পদ্ধতি চালু হবে। পরীক্ষায় মোট নম্বরের ২০ শতাংশ হবে বুক পরীক্ষাভিত্তিক। আজ ১২ এপ্রিল এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।ভারতের মাধ্যমিক বোর্ডের তথ্য অনুযায়ী, ‘ওপেন বুক’ পরীক্ষা মানে পরীক্ষা কেন্দ্রে সঙ্গে বই-খাতা নিয়ে পরীক্ষা নয়। ওপেন বুক পরীক্ষা হচ্ছে, শিক্ষার্থীর মেধা যাচাইয়ের জন্য বিশেষ পরীক্ষা; যাতে পরীক্ষার বেশ কিছু দিন আগেই শিক্ষার্থীকে নির্দিষ্ট বিষয়ে ‘কেস স্টাডি’ করতে হয়। ভারতের সিবিএসই-এর চেয়ারম্যান বিনীত যোশি জানান, ভারতের মাধ্যমিক স্তরের পরীক্ষার্থীদের পরীক্ষার চার মাস আগে নির্দিষ্ট বিষয়ের ওপর কেস স্টাডি করতে দেওয়া হবে। এরপর পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে তাঁর কেস স্টাডি সম্পর্কিত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।ওপেন বুক পরীক্ষা নেওয়া হলে কোনো বিষয় শিক্ষার্থীদের ভালোভাবে জানা, বোঝা ও তাঁর ধারণাকে প্রয়োগের ক্ষেত্র বাড়বে।জীব-বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল ও ভাষা শিক্ষা এর চারটি বিষয়ে মাধ্যমিক স্তরে প্রথমত ওপেন বুক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির মাধ্যমিক শিক্ষা বোর্ড। দেশটির মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যে ওপেন বুক পরীক্ষা পদ্ধতি ও কেস স্টাডি চূড়ান্ত করেছে যা নভেম্বর মাস নাগাদ শিক্ষার্থীদের দেওয়া হবে। মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকেই ওপেন বুক পরীক্ষার নির্দেশনা সরবরাহ করে দেওয়া হবে।টাইমস অব ইন্ডিয়ায় ভারতের মাধ্যমিক স্তরে নতুন পরীক্ষা পদ্ধতি চালুর বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সেখানে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। মুখস্থ বিদ্যার বদলে সৃজনশীল পদ্ধতিকে কাজে লাগাতে পারলে শিক্ষার্থীদের উন্নয়ন হবে বলেই অনেকে মন্তব্য করেছেন। তবে ‘ওপেন বুক’ পদ্ধতিটি শিক্ষার্থীদের জন্য যেন বাড়তি বোঝা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও খেয়াল রাখতে অনুরোধ করেছেন অনেক মন্তব্যকারী।